আন্তর্জাতিক ইসলামি বইমেলা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে, ১২ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ইসলামি বইমেলা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে, ১২ সেপ্টেম্বর

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। আজ শনিবার আসরের নামাজের পর মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ ও প্রকাশকদের সমন্বয়ে গঠিত কমিটির যৌথ আয়োজনে এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ এবং ইসলামের শান্তি ও কল্যাণের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইসলামি বইমেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানুষের মধ্যে জ্ঞান, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে।

একটি ভালো বই মানুষের চিন্তা ও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে—এমন মন্তব্য করে ধর্মমন্ত্রী বলেন, ‘বই জ্ঞানের আলো ও ভান্ডার। ইসলামিক ফাউন্ডেশনের এই আয়োজন কেবল বই কেনাবেচার উদ্দেশ্যে করা হয়নি; দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি লেখক, পাঠক, গবেষক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের একটি মিলনমেলায় পরিণত হবে।’

আন্তর্জাতিক ইসলামি বইমেলার স্টলে পাঠকেরা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে, ১২ সেপ্টেম্বর

ধর্মমন্ত্রী আরও বলেন, ইসলামি জ্ঞান ও সাহিত্যচর্চাকে মানুষের কাছে সহজলভ্য করার পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে পাঠকেরা দেশি-বিদেশি ইসলামি সাহিত্য ও গবেষণাধর্মী বই সম্পর্কে জানার এবং সংগ্রহের সুযোগ পাবেন।

আয়োজকদের তথ্যানুযায়ী, এবারের মেলায় স্টল রয়েছে ১৪৪টি, যেখানে দেশি-বিদেশি মোট ১০০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, মিসর ও লেবাননের কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।

মেলায় কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে। শিশু-কিশোরদের জন্যও থাকছে ইসলামি ও শিক্ষামূলক বই।

মেলায় নারী কর্নার, শিশু কর্নার, সিরাত কর্নার ও ম্যাগাজিন কর্নার থাকছে। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন থাকবে।

আগামীকাল রোববার থেকে বৃহস্পতিবার মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্র ও শনিবার মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।