ট্রেনের টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ জানাল রাষ্ট্রপক্ষ

হাইকোর্ট
ফাইল ছবি

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধের পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে নেওয়া পদক্ষেপ হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার এ তথ্য জানিয়ে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিল করে।

রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব ও পশ্চিম) হতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনের টিকিট কালোবাজারি সম্পূর্ণভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলের মহাব্যবস্থাপক (পূর্ব ও পশ্চিম) থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। টিকিট কালোবাজারি রোধকল্পে মনিটরিং অব্যাহত আছে।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না উল্লেখ করে গত ২১ জুলাই হাইকোর্ট বলেছিলেন, এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে রেলওয়ের অব্যবস্থাপনা, টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী পরিবহন বন্ধের বিষয়ে পদক্ষেপ ৩১ জুলাই জানাতে বলা হয়েছিল।

এর ধারাবাহিকতায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন তথ্যাদি–সংবলিত প্রতিবেদন আজ আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

আদালতে রেলওয়ের প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানি নিয়ে আদালত আগামী বুধবার প্রয়োজনীয় আদেশের জন্য দিন রেখেছেন।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি এককভাবে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ নিয়ে গণমাধ্যমে আসা খবর নজরে এলে গত ২০ জুলাই হাইকোর্টের একই বেঞ্চ রনির অবস্থান বিষয়ে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান। একই সঙ্গে দুদক বিষয়টি জানলে কী ব্যবস্থা নিয়েছে, তা–ও জানতে চাওয়া হয়।

পরদিন রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহউদ্দীন ও পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) মো. নাহিদ হাসান খান এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট (বিজনেজ) মো. যুবায়ের হোসেন আদালতে উপস্থিত হন।

আদালত কর্মকর্তাদের বক্তব্যও শোনেন। শুনানি নিয়ে সেদিন আদালত ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে পদক্ষেপ জানাতে বলেন।