
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আঞ্চলিক দল ইউপিডিএফের ৪ নেতা–কর্মী হত্যার নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন দেশের ৪৩ বিশিষ্ট নাগরিক।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ‘পাহাড়ে সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের হত্যাকাণ্ডে’ ক্ষোভ প্রকাশ করেছেন।
গত সোমবার রাত ১০টার দিকে পানছড়ি লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় ইউপিডিএফের চার নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় পিসিপির কেন্দ্রীয় সদস্য নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা নামের তিনজন নিখোঁজ আছেন বলে ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘“দুর্বৃত্তরা” গুলি করে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করেছে। নিহত অন্যরা হলেন সুনীল কান্তি ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরা। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিদাতারা বলেন, ‘পত্রিকার মাধ্যমে জানতে পারি, এ ঘটনায় নিখোঁজ আছেন নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা। এ সহিংসতার ঘটনায় পাহাড়ে সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের মৃত্যুতে আমরা ক্ষুব্ধ। সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ে তরুণ নেতৃত্বের ওপর এমন আক্রমণ ঘটতে এর আগেও দেখেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেকের আশঙ্কা, পাহাড়ে বাঙালি জাতিগত আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানকার তরুণ নেতৃত্বকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে। এই সন্দেহ যদি কিয়দংশ সত্য হয় তাহলে আমরা এ দেশের নাগরিক হিসেবে প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই যে হত্যার রাজনীতি কোনো দিন পাহাড়ে শান্তি আনবে না।’
এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ও বিচার দাবি করে বিবৃতিদাতারা বলেন, ‘একই সঙ্গে আমাদের দাবি, নিখোঁজ তিন তরুণকে উদ্ধারের জন্য অবিলম্বে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। আমরা আশা করছি, পাহাড়ে বিভিন্ন নৃগোষ্ঠীর নিরাপত্তাহীনতার প্রশ্নটিকে নিষ্ঠার সঙ্গে বিবেচনা করবে।’
বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক আনু মুহাম্মদ, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপ্রধান মোশরেফা মিশু, লেখক রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মাহমুদুল সুমন, অধ্যাপক আইনুন্নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী সেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা, মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক মনিরা শরমিন, সংগীতশিল্পী বীথি ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও সংগীতশিল্পী অরূপ রাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী, সংগীতশিল্পী অমল আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, গবেষক পাভেল পার্থ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, লেখক ওমর তারেক চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঈন জালাল চৌধুরী, মানবাধিকারকর্মী নাজনীন শিফা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়কারী তাসলিমা আখতার, লেখক কল্লোল মোস্তফা, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, মারজিয়া প্রভা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ, গবেষক সায়েমা খাতুন, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সাদাফ নূর, গবেষক নাসরিন খন্দকার, মানবাধিকারকর্মী রোজিনা বেগম, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাইদুল ইসলাম, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হানা শামস আহমেদ, শিক্ষক লায়লা পারভীন, শিল্পী মাহতাব উদ্দিন আহমেদ ও গবেষক সায়দিয়া গুলরুখ।