
‘অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস ক্যাফে’ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই মতবিনিময় হয়।
সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস ক্যাফের’ এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক মোর্শেদ বিলাল খান। অভিবাসন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অভিবাসী কর্মীদের জটিলতা নিরসন ও ন্যায়বিচার নিশ্চিতে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন তিনি।
আয়োজনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, অভিবাসন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। অভিবাসন খাতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক–নৈতিক সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে অনুষ্ঠানে একটি সেশন পরিচালনা করেন অভিবাসন সাংবাদিকতায় অভিজ্ঞ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সাজ্জিদ আহমেদ।
আলোচনায় বক্তা ও বিশেষজ্ঞরা উল্লেখ করেন, বাংলাদেশ এবং গন্তব্য দেশ—উভয় স্থানেই অভিবাসী কর্মীরা প্রতিনিয়ত নানাবিধ গুরুতর প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রতারণা, শোষণ ও আইনি ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তাঁরা নানাভাবে বাধাগ্রস্ত হন।
অভিবাসী শ্রমিকদের নানা সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানমূলকভাবে উঠে এলে তা একদিকে যেমন জনসচেতনতা বাড়াবে, অন্যদিকে দায়িত্বশীল পক্ষগুলোকে কার্যকর সমাধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে বলে বক্তারা উল্লেখ করেন।