রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি অনুসারে ৮ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ (প্রথম ধাপ) হয়। লিখিত পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বরিশালের চর হোগলার ফাতেমা আক্তার নামের এক প্রার্থী ওই রিট করেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন আজ বুধবার প্রথম আলোকে বলেন, গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ রিটটি জমা দেওয়া হয়েছে। শুনানির জন্য রিটটি আগামীকাল বৃহস্পতিবার কার্যতালিকায় আসতে পারে।