জার্মানির পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেন
জার্মানির পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেন

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন জার্মান প্রতিনিধিদলের

জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খুঁজতে জার্মান পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করে।

প্রতিনিধিদলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

পার্লামেন্টের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ, উরসুলা শাওস প্রমুখ।

প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোৎসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমআইইজেড পরিদর্শনের সময় মেঘনা গ্রুপের কর্মকর্তারা জার্মান প্রতিনিধিদলকে ইকোনমিক জোনে অবস্থিত জার্মান মালিকানাধীন দুটি কারখানা সিএইচটি বাংলাদেশ লিমিটেড এবং সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেডসহ এমআইইজেডের বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান। এমআইইজেডের অধিকাংশ কারখানাতেই জার্মানির মেশিনারি ও প্রযুক্তি ব্যবহার করা হয়, যা দুই দেশের মধ্যে গভীর শিল্প–সম্পর্কের প্রতিফলন।

জার্মান প্রতিনিধি নিকলাস কাপে বলেন, ‘এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির এই শক্তিশালী উপস্থিতি দেখে আমি আনন্দিত। এ ধরনের পরিদর্শন জার্মানি ও বাংলাদেশের মধ্যকার গভীর অর্থনৈতিক অংশীদারত্বকে তুলে ধরে। আগামী দিনে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।’

এমজিআই চেয়ারম্যান এবং এমডি মোস্তফা কামাল বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। এই সম্পর্ক অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতে কয়েক দশকের সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে ক্রমবর্ধমান উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।