
আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘জেন্ডার’ সংবেদনশীল বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা মন্ত্রীকে এ আহ্বান জানান।
আজ রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নমুখী বাজেট’ শীর্ষক প্রাক্-বাজেট গোলটেবিল বৈঠক থেকে আসা সুপারিশগুলো অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে। সুপারিশগুলো হলো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
এ সময় অর্থমন্ত্রী উপস্থাপিত সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার বিষয়েও আশ্বাস দেন।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম, সহসভাপতি মাখদুম নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা বেগম এবং অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিংয়ের পরিচালক জনা গোস্বামী।