চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর ও তাঁর ভাই আবদুল মান্নানের নকল সিগারেটের গুদামে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সমন্বিত একটি দল। এ সময় গুদাম সিলগালা করে দেওয়া হয়
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর ও তাঁর ভাই আবদুল মান্নানের নকল সিগারেটের গুদামে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সমন্বিত একটি দল। এ সময় গুদাম সিলগালা করে দেওয়া হয়

চট্টগ্রামে অভিযান

চসিকের সাবেক প্যানেল মেয়রের নকল সিগারেটের গুদাম সিলগালা

চট্টগ্রাম নগরে তিনটি নকল সিগারেট তৈরির কাঁচামালের গুদামে অভিযান চালিয়েছে সিগারেট খাতে অনিয়ম নিবারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গঠিত কমিটি। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার নগরের হালিশহর থানার নয়াবাজার, আমতল ও ধোপাপাড়া এলাকায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের সমন্বিত একটি দল।

আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আয়শা সিদ্দিকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গুদাম তিনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর ও তাঁর ভাই আবদুল মান্নানের।

জানা যায়, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেড নামে আবদুস সবুরের সিগারেট তৈরির কারখানা রয়েছে। যেটির ব্যবস্থাপনা পরিচালক তাঁর ভাই আবদুল মান্নান। এ ছাড়া তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানও রয়েছে আবদুস সবুরের। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে সিগারেটের নকল ব্যান্ডরোল আমদানি ও নকল সিগারেট তৈরির অভিযোগ উঠেছিল।

আবদুস সবুর লিটন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের দুবারের নির্বাচিত কাউন্সিলর। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পরিষদের তিনি প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

সাবেক প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর।

কাস্টমস গোয়েন্দা জানায়, নগরের মধ্যম রামপুর ধোপাপাড়া এলাকায় একটি, আমতল পেরেক ফ্যাক্টরি এলাকায় একটি ও নয়াবাজার মসজিদ গলির একটি ভবনে থাকা গুদামে অভিযান চালানো হয়। এ সময় পেরেক ফ্যাক্টরি এলাকায় থাকা গুদামের জব্দ করা পণ্য কাস্টমস গুদামে জমা দেওয়া হয়। বাকি দুটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানের সময় এগুলোর মালিক সাবেক কাউন্সিলর আবদুস সবুর ও তাঁর ভাই বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আয়শা সিদ্দিকা জানান, দুটি গুদাম সিলগালা করা হয়েছে। অন্য গুদামের জব্দ করা পণ্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। নকল সিগারেট উৎপাদনের লক্ষ্যে এসব উপকরণ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।