এআই সামিটে কেক কাটা হচ্ছে। সামিটের আয়োজক ‘মাইএআই’। আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে
এআই সামিটে কেক কাটা হচ্ছে। সামিটের আয়োজক ‘মাইএআই’। আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে

করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় এআই সামিট

ব্যাংক, বিমা, ওষুধ, পোশাকশিল্পসহ দেশের করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘এআই সামিট’।

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সামিটে অংশ নেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এআই মাস্টারি সামিট: লিডিং বাংলাদেশ’স এআই ফিউচার’ শীর্ষক এ সামিট হয়।

সামিটের আয়োজক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘মাইএআই’। সামিটের পাশাপাশি ‘এআই ফ্লুয়েন্সি’ কর্মশালাও অনুষ্ঠিত হয়।

মাইএআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল বিশেষজ্ঞদের দক্ষতা হিসেবে না রেখে বাংলাদেশের পেশাজীবীদের সাধারণ সক্ষমতায় পরিণত করাই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আজকের সম্মেলনের মধ্য দিয়ে সে উদ্দেশ্য অর্জনের পথে যাত্রা শুরু হলো।

করপোরেট খাতের জ্যেষ্ঠ নেতৃত্বকে কেন্দ্র করে এআই বিষয়ে বাংলাদেশে এটিই প্রথম সম্মেলন বলে জানিয়েছেন আয়োজকেরা। মাইএআই দুই মাসব্যাপী এআই সক্ষমতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। ‘এআই ফর প্রফেশনাল সাকসেস (এআইপিএস)’ শীর্ষক এ কর্মসূচির প্রথম সশরীর আয়োজন ছিল এ সম্মেলন।

সম্মেলনে আলোচক হিসেবে ছিলেন স্কয়ার টেক্সটাইলসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সুলতান মাহবুবুল হক; ব্রেইন স্টেশন-২৩ পিএলসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাইসুল কবির; প্রাইম ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মাহমুদুল হাসান আখন্দ; বিটপী গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মোর্শেদুল হক। বক্তব্যে তাঁরা নিজ নিজ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন।

এআই সামিটে বক্তব্য দিচ্ছেন মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান

মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান বলেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যে নতুন ঢেউ তৈরি হয়েছে, বাংলাদেশকে সেই পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে হবে। এআই এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত পরিণত হচ্ছে। পেশাজীবীদের এখন থেকেই ‘এআই-প্রস্তুত’ হতে হবে।

বাংলাদেশের করপোরেট খাতকে এই বৈশ্বিক পরিবর্তনের বাইরে রাখা যাবে না বলে মন্তব্য করেন সাইফ নোমান খান। তিনি বলেন, এ লক্ষ্যেই দেশের শিল্প খাতের নেতৃত্বদানকারী পেশাজীবীদের মধ্যে এআই-দক্ষতা ও সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এআই সামিটে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেন

আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক বলেন, ‘এই কক্ষে যাঁরা আছেন, তাঁদের হাতেই চলছে বাংলাদেশের বড় শিল্পগুলো। দেশ কত দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করবে, সেটা তাঁরাই ঠিক করবেন। আমরা একটি এআই-সচেতন বাংলাদেশ গড়তে চাই—শুরুটা তাঁদের দিয়েই, যাঁরা ব্যাংকিং, উৎপাদন ও স্বাস্থ্যসেবার দিকনির্দেশনা দেন।’