ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম। তাই সিএনজি অটোরিকশার সারি দীর্ঘ হচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায়
ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম। তাই সিএনজি অটোরিকশার সারি দীর্ঘ হচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায়

গ্যাস সরবরাহ কিছুটা বাড়বে আগামী সপ্তাহে: প্রতিমন্ত্রী

কক্সবাজারে এলএনজির একটি টার্মিনালে ত্রুটির প্রভাব পড়েছে দেশজুড়ে। এক সপ্তাহ ধরে সিএনজি স্টেশনগুলোতে অপেক্ষার পালা দীর্ঘ হওয়ার পাশাপাশি নগরে গৃহস্থালিতে রান্নায়ও তৈরি করেছে সংকট। তবে আগামী সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী আজ সোমবার প্রথম আলোকে বলেন, আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাসের সরবরাহ। আর সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। আগামী সপ্তাহে ৫০ শতাংশ সরবরাহ শুরু হলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ হবে।

দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি টার্মিনাল পরিচালনা করে মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি, আরেকটি দেশের বেসরকারি কোম্পানি সামিট। এর মধ্যে গত মঙ্গলবার আগুন লেগে অ্যাকসিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে সংকট তৈরি হয়।

এই সংকট নিয়ে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের একটি কারিগরি দল অ্যাকসিলারেট এনার্জির সঙ্গে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দিনে ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়বে। এর মধ্যে আগামী সপ্তাহে ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট সরবরাহ শুরু হতে পারে।

তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া যাচ্ছে না। দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। বারবার দুঃখ প্রকাশ করছি। জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে ন্যূনতম কোনো দ্বিধা নেই।
অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। যদিও গত বছর থেকে দিনে সরবরাহ করা হচ্ছে গড়ে ২৭০ কোটি ঘনফুট। এলএনজির একটি টার্মিনাল বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ কমে ২১৫ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে।

গ্যাস সরবরাহ পুনরায় শুরুর বিষয়টি অ্যাকসিলারেটের তথ্যের ভিত্তিতে বলছেন বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দিন-তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, এর আগে অ্যাকসিলারেট নির্দিষ্ট করে সময় বললেও নানা কারণে কাজ শেষ করতে পারেনি। এটি কারিগরি বিষয়। তাই আগাম সময় বলা কঠিন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এখানে কিছু যন্ত্রাংশ আমদানি করার বিষয় আছে। আমদানি খালাসের বিষয় আছে। তারা উড়োজাহাজে করে এগুলো নিয়ে আসবে। এটি দ্রুত খালাসে সরকার দায়িত্ব নেবে। সব প্রচেষ্টা অব্যাহত আছে।

গ্যাস–সংকটের কারণে সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। আজ সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায়

এই সংকটের কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মা-বোনেরা প্রতিদিন সংসারের রান্নার কাজে চ্যালেঞ্জ অনুভব করছেন। শিল্পে উৎপাদন ব্যাহত হয়েছে। সিএনজি স্টেশনে চাপ না থাকায় গণপরিবহনে প্রভাব পড়েছে।

‘বলতে কোনো দ্বিধা নেই, এটি সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটি নয়। বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি, যদিও তারা দেশে গ্যাস সরবরাহ নিশ্চিত করে। তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া যাচ্ছে না। দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। বারবার দুঃখ প্রকাশ করছি। জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে ন্যূনতম কোনো দ্বিধা নেই। সরকারি প্রতিষ্ঠান নয় বলে দায় স্বীকার করব না, বিষয়টি এমন নয়।’

অনিন্দ্য ইসলাম বলেন, অ্যাকসিলারেট, সামিট বা বাংলাদেশ সরকার; কারোই এমন অভিজ্ঞতা ছিল না। এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা। খারাপ ঘটনার মধ্য দিয়েই এখন শিখতে হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, টার্মিনালে আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বয়লার বিস্ফোরণ হয়েছে। এর চেয়ে বড় দুর্ঘটনা হতে পারত। পাশেই একটি এলএনজি–ভর্তি জাহাজ ছিল, যা দ্রুত দূরে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো সংকট নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, এলএনজি মজুত করে রাখা হয় না; বরং এলএনজি নিয়ে নিয়মিত জাহাজ আসে। এখনকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাহাজ আসার সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে।