
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিখোঁজ এই শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রইছ উদ্দীনের সভাকক্ষে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য মো. রইছ উদ্দীন বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার জন্য একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই টিম শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজুল ইসলামের সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানায় গিয়ে অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়।
নিখোঁজ সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সিরাজুলের সঙ্গে ফোনে তাঁদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
সিরাজুল ইসলামের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকলে তাঁর বাবার মুঠোফোন নম্বরে (০১৭১২০৭১১১৭) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিরাজুলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা।