
বিয়ের দুই বছরের মাথায় আমির উদ্দিন ও মানসুরা আক্তার দম্পতি একবারেই পাঁচ ছেলে-মেয়ের বাবা-মা হয়েছিলেন। তবে জন্মের পরপরই চার নবজাতক মারা যায়। এক নবজাতক বেঁচে ছিল। তবে সেই নবজাতকও গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত ১২ অক্টোবর সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন মানসুরা আক্তার। জন্মের কিছু সময় পর এক নবজাতক মারা যায়। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছিল। তবে সেদিন রাতেই আরেক নবজাতকের মৃত্যু হয়। পরদিন আরও দুই নবজাতক মারা যায়।
নরসিংদীর শিবপুর উপজেলার আমির উদ্দিন পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। আজ শনিবার মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়। বললেন, ‘আশা ছিল পাঁচজনের মধ্যে একজনকে নিয়ে হলেও বাড়ি ফিরব। তা তো আর হলো না।’
আমির উদ্দিন জানান, প্রসব বেদনা নিয়েই স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। সকাল ১০টার দিকে স্বাভাবিক প্রসবে এক ছেলে ও চার মেয়ের জন্ম দিয়েছিলেন।
গত প্রায় এক মাস হাসপাতালের বারান্দাতেই অনেক কষ্ট করে দিন কাটিয়েছেন আমির ও মানসুরা দম্পতি। অবশেষে মৃত সন্তানকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরেছেন।
আমির উদ্দিন বললেন, ‘হাসপাতালের চিকিৎসকেরা অনেক চেষ্টা করছেন। যে মেয়েটা মারা গেল, তার ওজন নাকি ৯৬০ গ্রাম ছিল। চিকিৎসকেরা আগেই বলছিলেন, হয়তো এই মেয়েটাকেও বাঁচানো যাবে না। তারপরও আশায় ছিলাম।’
পাঁচ ছেলে মেয়ের মধ্যে একজনকে আমির উদ্দিনের শ্বশুরবাড়িতে কবর দেওয়া হয়েছে। আর চারজনকে কবর দেওয়া হয়েছে শিবপুরে আমির উদ্দিনের পারিবারিক কবরস্থানে।
আমির উদ্দিন জানালেন, এই এক মাসে তাঁর প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। স্বজনদের পাশাপাশি ঋণও করতে হয়েছে। গত প্রায় এক মাস আমির উদ্দিন কোনো কাজ করতে পারেননি। সব মিলিয়ে আর্থিক সংকটে আছেন তিনি। পাঁচ সন্তানকে হারিয়ে তাঁর স্ত্রীর মানসিক অবস্থাও খারাপ। সারাক্ষণ কান্নাকাটি করছেন।
সন্তানদের কোনো ছবি কি তুলেছিলেন, জানতে চাইলে বলেন, ‘সময় পেলাম কই। একের পর এক তো চলেই গেল।’
আজ সকালে প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি হাসপাতালটির নবজাতক বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা সাবিহা সুলতানার সঙ্গে কথা বলেন। এই চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এই নবজাতককেও বাঁচানো গেল না। এই পাঁচ নবজাতকের জন্ম হয়েছিল গর্ভে থাকার ২৬ সপ্তাহের মাথায়। অপরিণত এবং কম ওজন নিয়ে জন্ম হয়েছিল। এনআইসিইউর ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একজনকেও বাঁচানো গেল না।’