
মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে পুলিশের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজিস ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধারকারী ইউনিটগুলোকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, ‘মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
বাংলাদেশ পুলিশকে একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করছেন। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। এ সময় সব পুলিশ সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি।
অনুষ্ঠানে গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পর্যন্ত ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ (আইজিস ব্যাজ) পরিয়ে দেন আইজিপি।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটগুলোকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। এই গ্রুপে দ্বিতীয় চট্টগ্রাম মহানগর পুলিশ এবং তৃতীয় হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় এবং খুলনা মহানগর পুলিশ তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তৃতীয় স্থান অর্জন করেছে। ‘ঘ’ গ্রুপে প্রথম হয়েছে র্যাব-১১ (নারায়ণগঞ্জ)। এই গ্রুপে র্যাব-১৫ (কক্সবাজার) দ্বিতীয় ও র্যাব-২ (ঢাকা) তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মিরপুর বিভাগ তৃতীয় হয়েছে।
অন্যদিকে গত বছর মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এই গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় এবং হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় ও গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে র্যাব-১৫ (কক্সবাজার)। এই গ্রুপে র্যাব-৯ (সিলেট) দ্বিতীয় ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিএমপির ওয়ারী বিভাগ প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয় স্থান লাভ করেছে। এ ছাড়া ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় হয়েছে।
শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে আট মহানগরের পুলিশ দল। দ্বিতীয় স্থান লাভ করেছে এপিবিএন এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।