সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আজমত উল্লা খান
সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  ও  আজমত উল্লা খান

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৪১৮ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আন্দোলনের সময় গত ৫ আগস্ট গাজীপুরে গুলিতে এক কলেজছাত্র আহত হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করে ১১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় মামলাটি করেন মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও আহত কলেজছাত্রের মা পারুল আক্তার।

এ মামলায় উল্লেখ্যযোগ্য অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান প্রমুখ। এ ছাড়া এ মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, ‘আমার ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৫) কাশিমপুর থানাধীন হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করে। গত ৫ আগস্ট সকাল অনুমানিক ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জন্য সে বাসা থেকে বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে আমার ছেলে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ড–সংলগ্ন সাবান ফ্যাক্টরির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় (১-১৫) নম্বর আসামিদের হুকুমে এজাহারে উল্লিখিত আসামিরাসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী ছাত্র–জনতার ওপর হামলা করে ও পরে গুলি চালায়। তখন একটি পিস্তলের গুলি রাকিবুলের মাথার ডান পাশে লেগে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে ছাত্র–জনতা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে নেন। এ সময় চিকিৎসকেরা আমার ছেলের মাথায় অস্ত্রোপচার করে ১টি গুলি বের করেন। এ ছাড়া তাদের আক্রমণে আমার ছেলেসহ অজ্ঞাতনামা অসংখ্য ছাত্র–জনতা আহত হন।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।