দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রায় আট হাজার মামলা ও অনুসন্ধানের নথি জমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এর মধ্যে প্রায় তিন হাজার মামলার তদন্ত চলছে; আর অনুসন্ধান চলছে প্রায় পাঁচ হাজার অভিযোগের। এসবের বাইরে আদালতে বিচারাধীন আরও প্রায় চার হাজার মামলা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রায় ছয় মাস কমিশন না থাকায় কাজে স্থবিরতা দেখা দেয়। এ সময় নথি জমে যায়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও নথির জট সেভাবে কমছে না। তাঁদের ভাষ্য, বর্তমান কমিশন প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে। এতে দেরি হচ্ছে।
গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এর আগে গত ৩ মার্চ পদত্যাগ করেন দুদকের সে সময়ের চেয়ারম্যান ও তিন কমিশনার।
জন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনেরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এটা খুবই দুঃখজনক। এখান থেকে দুদককে বেরিয়ে আসতে হবে।ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি
সংশ্লিষ্ট সূত্র বলছে, দুদক কমিশননির্ভর সংস্থা। কমিশন না থাকলে গুরুত্বপূর্ণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। কারণ, দুর্নীতি, অবৈধ সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান, অনুসন্ধান শেষে মামলা এবং মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার প্রতিটি ধাপে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।
দুদকের নথি ব্যবস্থাপনা ও মামলার অগ্রগতি তদারকিতে মাঠপর্যায়ে সীমাবদ্ধতার চিত্রও রয়েছে। কমিশনের ৩৬টি জেলায় কার্যালয় রয়েছে। বাকি ২৮টি জেলায় দুদকের কোনো কার্যালয় নেই। এসব জেলায় দুদকের কার্যালয় না থাকায় সেখানকার নথির নিয়মিত খোঁজখবর নেওয়া হয় না।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান ও দুই কমিশনারের টেবিলে এক হাজারের বেশি নথি রয়েছে। এর মধ্যে চেয়ারম্যানের কাছে রয়েছে আগের কমিশনের সিদ্ধান্ত না নেওয়া প্রায় ৩০০ নথি। অনুসন্ধানের দায়িত্বে থাকা কমিশনারের কাছে রয়েছে প্রায় ৫০০ নথি; আর তদন্তের দায়িত্বে থাকা কমিশনারের কাছে রয়েছে প্রায় ২৫০টি নথি।
দুদকের পরিসংখ্যান অনুযায়ী, আদালতে বিচারাধীন মামলার মধ্যে ১০০০ থেকে ১ হাজার ২০০টি বিচারের জন্য প্রস্তুত (রেডি ফর ট্রায়াল)। এসব মামলা বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ আদালতে বিচারের অপেক্ষায় রয়েছে।
জানতে চাইলে দুদকের সচিব মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, নথির জট যাতে দ্রুত কমিয়ে আনা যায়, সে জন্য কর্মকর্তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ৫৪টি মামলা করেছে দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে ২৯৩ জনকে। দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় ২২টি অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এসব অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে ৮৭ জনকে। এ ছাড়া ২১ ব্যক্তিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে নতুন করে ২০৬টি অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। এ ছাড়া ২৪ জনের সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।
দুদক বলছে, অক্টোবর মাসে ১৬৯ ব্যক্তির বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। ৮৪ জনকে অভিযুক্ত করে আদালতে ২৫টি অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। এ ছাড়া পাঁচটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে ১৩ ব্যক্তিকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই মাসে নতুন করে ৬৭টি অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে এবং ৫৭ জনের সম্পদবিবরণী চাওয়া হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দুদকের কর্মকর্তারা বলেন, গত দুই মাসে সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে অভিযোগপত্র দিয়েছে দুদক।
দুদকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে পাঁচটি আদেশে ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। একই সময়ে ৮০৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে। পরের মাস অক্টোবরে ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকার সম্পদ জব্দ এবং ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দুদকের কর্মকর্তারা বলেন, গত দুই মাসে সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে অভিযোগপত্র দিয়েছে দুদক। এ ছাড়া কয়েকজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
ছাত্র–জনতার অভ্যুথানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে ৬টি গ্রুপের তদন্তে নেতৃত্ব দিচ্ছে দুদক, ৪টির নেতৃত্বে আছে সিআইডি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব শিল্পগোষ্ঠী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত দুদক কমিশন শুরুর দিকে কিছু কাজ করেছিল; কিন্তু পরে আর তেমন কিছু হয়নি।
এ বিষয়ে দুদকের সচিব বলেন, গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদেরও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এটা খুবই দুঃখজনক। এখান থেকে দুদককে বেরিয়ে আসতে হবে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
প্রাধান্য ঠিক করে কাজ করার পরামর্শ দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, চুনোপুঁটি না ধরে রুই–কাতলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতার ঘাটতি রয়েছে। আবার দুদকের অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিতে হবে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জুলাই গণ–অভ্যুত্থানের পর হওয়া ঢালাও মামলার সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, জন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এটা খুবই দুঃখজনক। এখান থেকে দুদককে বেরিয়ে আসতে হবে।