আজিয়াটা গ্রুপ বারহাদের চেয়ারম্যান তান শ্রী দাতো আজমান এইচ জে মোখতার দুই দিনের এক সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন।বাংলাদেশ সফরকালে তান শ্রী দাতো আজমান ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ সময় তিনি সরকার, টেলিযোগাযোগ কমিশন ও অংশীদারদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। গতকাল বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।১৯৮৩ সালে তেনাগা ন্যাশনাল বারহাদে যোগ দেওয়ার মাধ্যমে তান শ্রী দাতো আজমানের কর্মজীবন শুরু হয়। তিনি ১৯৯৪ ও ১৯৯৮ সালে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের পরিচালক ও গবেষণা-প্রধান হিসেবে কাজ করেন। পরে মালয়েশিয়ার স্যালোমন স্মিথ বারনের পরিচালক ও গবেষণা-প্রধান এবং বিনাফিকির এসডিন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।২০০৪ সালের জুনে তান শ্রী দাতো আজমান খাজানার ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। আর ২০০৮ সালে তিনি আজিয়াটা বোর্ডে নিয়োগপ্রাপ্ত হন।