১৭ জাতির ইউরো অঞ্চলে বেকারত্বের হার বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী অঞ্চলটিতে বেকারত্বের হার বেড়ে ১১ দশমিক ৮ শতাংশে উঠেছে।এটি অবশ্য গত বছরের নভেম্বর মাসের হিসাব। এর আগের মাসে ওই অঞ্চলে বেকারত্বের হার ছিল ১১ দশমিক ৭ শতাংশ।এদিকে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলোসহ ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত নভেম্বর মাসে বেকারত্ব আগের মাসের ১০ দশমিক ৭ শতাংশে অপরিবর্তিত ছিল।বর্তমানে গোটা ইইউতে মোট দুই কোটি ৬০ লাখ মানুষ বেকার রয়েছেন। এর মধ্যে এক কোটি ৮৮ লাখই হচ্ছেন ইউরো অঞ্চলের। ইউরোপীয় দেশগুলোর সমন্বিত পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট এসব তথ্য-উপাত্ত পরিবেশন করেছে।সর্বোচ্চ ২৬ দশমিক ৬ শতাংশ বেকারত্ব চলছে ঋণসংকটে জর্জরিত স্পেনে। ২০ শতাংশ বেকারত্ব নিয়ে গ্রিস রয়েছে দ্বিতীয় স্থানে। খবর বিবিসির।