অভিমত

আগাম কর প্রত্যাহারে খুশি উদ্যোক্তারা

সারোয়ার আলম
সারোয়ার আলম

আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ইস্পাত খাতের কাঁচামাল আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। উৎসে করও ১ শতাংশ কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এ খাতের উদ্যোক্তা হিসেবে বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দেখছি।

দেশের ভৌত অবকাঠামো উন্নয়নে ইস্পাত খাত খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা অনেক দিন ধরে আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। কারণ, কাঁচামাল আমদানিতে চলতি মূলধনের একটা অংশ পরিশোধ করতে হয়। এটি পণ্য উৎপাদন শুরুর আগেই কর পরিশোধের ব্যবস্থা। সেটি এখন আর দিতে হবে না।

ভারী শিল্প হিসেবে ইস্পাত খাতে বছরে ৪৫ হাজার কোটি টাকার পণ্য বেচাকেনা হয়। তবে মুনাফা কম। এ খাতে পরিচালন ব্যয় অনেক বেশি। করোনার সময় ইস্পাত খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংকটের সময় আগাম কর প্রত্যাহার করে সরকার এ খাতের উদ্যোক্তাদের জন্য খুবই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে অনেক কারখানার টিকে থাকাই কঠিন হতো।

দেশেই এখন বিশ্বমানের রড তৈরি হচ্ছে। আবার দেশীয় চাহিদা মিটিয়ে ইস্পাত পণ্য রপ্তানিও হচ্ছে। সে ক্ষেত্রে উদ্যোক্তাদের সক্ষমতা যত বাড়বে, ততই দেশের জন্য মঙ্গলজনক। তবে এটা ঠিক, বর্তমানে বিশ্ববাজারে ইস্পাতের কাঁচামালের দাম খুব বেশি বেড়ে গেছে। গত বাজেটের সঙ্গে তুলনা করলে এবার টনপ্রতি কাঁচামালের দাম অনেক বেশি। ইস্পাতের কাঁচামালের ৯৫ শতাংশই আমদানি হয়। তাই উৎপাদন খরচ বেড়ে গেছে।