উড়োজাহাজ আমদানিতে অগ্রিম কর কমছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০২২-২৩ অর্থবছরের উড়োজাহাজ আমদানিতে অগ্রিম কর অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো এই কর অব্যাহতি সুবিধা পাবে। এবারের প্রস্তাবিত বাজেটে এমনটাই উল্লেখ করেছেন আ হ ম মুস্তফা কামাল। ফলে উড়োজাহাজ বা উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে খরচ কমতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এবারের বাজেট প্রস্তাবে বলা হয়, উড়োজাহাজে ব্যবহৃত চাকা যেগুলো একধরনের রাবার দিয়ে তৈরি, সেগুলোর ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। আগে শুল্ক ছিল ৫ শতাংশ, যা কমে ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া উড়োজাহাজ এবং হেলিকপ্টারের জন্য বিশেষভাবে নির্মিত ‘স্পার্কিং প্লাগ’–এর ওপর শুল্কও কমানোর প্রস্তাব করা হয়েছে। এই শুল্ক আগে ১০ শতাংশ ছিল, এখন তা ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন:

প্রস্তাবিত বাজেটে তামাক পণ্যের প্রকৃত মূল্য কমবে: প্রজ্ঞা

ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাই হবে

দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা

নারী পাইলটদের প্রশিক্ষণে প্রণোদনা

এবারের ২০২২–২৩ প্রস্তাবিত বাজেটে নারীর উন্নয়নেও বেশ কিছু সুপারিশ এসেছে। এভিয়েশন খাতে নারীদের উৎসাহিত করতে পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়।

বাংলাদেশের ফ্লাইং স্কুলে দুজন নারীকে পাইলট প্রশিক্ষণে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া তিনি আরও কয়েকটি সুপারিশের কথা উল্লেখ করেন। এগুলো হলো দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে পর্যায়ক্রমে নারীদের জন্য টয়লেট সুবিধা বাড়ানো, নারীর নিরাপত্তায় বিমানবন্দরগুলোর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং লাইটিং ব্যবস্থা উন্নত করা।

অর্থমন্ত্রীর আরও সুপারিশগুলো হলো বিভিন্ন জেলা সদরে প্রশিক্ষণকেন্দ্রসহ হোটেল স্থাপনের মাধ্যমে দক্ষ মানবসম্পদে উন্নয়ন ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেওয়া। পর্যটনকেন্দ্রগুলোতে স্যুভেনির শপ নির্মাণ করে বরাদ্দ প্রদানে নারীদের অগ্রাধিকার দেওয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন:

সড়ক ও রেলে বরাদ্দ বাড়ছে, কমছে সেতুতে

স্টার্টআপের জন্য বাজেটে সুখবর

বাড়েনি করমুক্ত আয়ের সীমা