বিমা নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান

চার বছরে ৩০টি ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকা

এম মোশাররফ হোসেন বলেন, বিএফআইইউ কেন এক হিসাব বারবার যোগ করে টাকার বড় একটি অঙ্ক দেখাল, তা আমার বোধগম্য নয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। ৫টি ব্যাংকে থাকা এ রকম ৩০টি হিসাবের তথ্য সংবলিত একটি প্রতিবেদন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিসাবগুলো খোলা হয়েছে ২০১৭ সালের ১৭ মে থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত। মোশাররফ হোসেন ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আইডিআরএর সদস্য ছিলেন। এরপর থেকে তিনি সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁর ৩ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা।

আইডিআরএর চেয়ারম্যান পদে মোশাররফ হোসেনের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদী নামের এক বিনিয়োগকারী ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর তাঁর নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

রিটে অভিযোগ করা হয়, মোশাররফ হোসেন তাঁর স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি ও কর্মচারীদের নামে তহবিল গঠন করে আইন ও বিধিবহির্ভূতভাবে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। রুলে দুদক ও বিএফআইইউর কাছে জানতে চাওয়া হয়, এ অভিযোগ তদন্ত করে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবকেও রুলের জবাব দিতে বলা হয়। এরপরই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে বিএফআইইউ। আদালতের নির্দেশ পেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, মোশাররফ হোসেনের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাভস অ্যান্ড লাইভস অর্গানিক লিমিটেড (এলএলওএল), গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জিভিএআইএল), এলএলওএল এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এলএলওএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, জিভিএআইএল এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি ফান্ড, জিভিএআইএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, কাশফুল ডেভেলপমেন্ট লিমিটেড (কেডিএল), এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, কেডিএল এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড, মুহম্মদ শহীদুল্লাহ অ্যান্ড কোম্পানি ও কোয়ান্টাম প্লাস ফাউন্ডেশন। এসব প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলোয় প্রায় ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া মোশাররফ হোসেনের নামে তিনটি এবং তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়ার নামে চারটি ব্যাংক হিসাবে তিন কোটি টাকা জমা হওয়ার তথ্য উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

এদিকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে ২৬ মে এ বিষয়ে সর্বশেষ শুনানি হয়। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওই দিনের মধ্যে তাদের প্রতিবেদন শেষ করতে পারেনি। বিভাগটি আদালতের কাছে আরও সময় চায়। আদালত পরে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। পরের শুনানি হবে আগামী ১৬ জুন।

আগামী ১৬ জুনের মধ্যে প্রতিবেদন তৈরির কাজ শেষ হবে কি না, জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে জানান, আদালতের সঙ্গে সম্পর্কিত বিষয় হওয়ায় তিনি এ নিয়ে কথা বলতে চান না।

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, এলএলওএল, জিভিএআইএল ও কেডিএলের কর্মচারীদের কল্যাণের জন্য প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট আলাদা ট্রাস্টি বোর্ড গঠন করেন মোশাররফ হোসেন ও জান্নাতুল মাওয়া দম্পতি। সব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানই এম মোশাররফ হোসেন। আর সচিব তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া ও অন্যতম সদস্য তাঁর শাশুড়ি লাভলি ইয়াসমীন। কর্মচারীরা তাঁদের বেতন থেকে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রতি মাসের শেষ কর্মদিবসে এই তহবিলে টাকা দিয়ে আসছিলেন।

এম মোশাররফ হোসেনের ঘোষিত পেশা, অর্থের উৎস ও হিসাব খোলার উদ্দেশ্যের সঙ্গে আলোচ্য হিসাবগুলোয় হওয়া লেনদেনে ব্যাপক অসামঞ্জস্য রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডের হিসাবে অর্থ জমা হওয়া, নগদ উত্তোলন, মোশাররফ হোসেনের একক স্বাক্ষরে হিসাব পরিচালনা ও হিসাব থেকে তাঁর নিজের নামে এফডিআর করার নজির দেখা গেছে, যা স্বাভাবিক বলে মনে হয় না। আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডের অর্থ কর অব্যাহতি সুবিধা পায়। ফলে কর ফাঁকি দেওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে বিএফআইইউর।

সার্বিক বিষয়ে জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান এম মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএফআইইউ কেন এক হিসাব বারবার যোগ করে টাকার বড় একটি অঙ্ক দেখাল, তা আমার বোধগম্য নয়। এর মধ্যে ঋণের টাকাও আছে। ৪২ কোটি নয়, ৯ থেকে ১০ কোটি টাকা হবে। সংস্থাটি আমার কাছে এলে ব্যাখ্যা দিতে পারতাম যে এতে কোনো অন্যায় নেই। তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সব হিসাব দিয়েছি। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন, সেখান থেকে মুনাফা, আবার আরেকটিতে আবেদন—এসব করা হয়েছে যা দূষণীয় নয়।’ আর কোম্পানিগুলো থেকে বহু আগেই পদত্যাগ করেছেন বলে জানান মোশাররফ হোসেন।