দক্ষিণ এশিয়ার তিনটি বাজারের নেটওয়ার্ক উন্নয়নে নরওয়ের বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনরের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে সুইডেনের নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসন। গতকাল এরিকসন বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টেলিনরের মালিকানাধীন বাংলাদেশের গ্রামীণফোন, টেলিনর মিয়ানমার এবং থাইল্যান্ডের ডিট্যাকের ফোরজি বা এলটিই নেটওয়ার্কের নকশা তৈরি ও বাস্তবায়ন এবং বর্তমানে চালু থাকা টুজি ও থ্রিজি নেটওয়ার্ক ট্রান্সফরমেশনের কাজ করবে এরিকসন। এই চুক্তির অধীনে এরিকসন হার্ডওয়্যার ও সফটওয়্যার-সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। চুক্তি অনুযায়ী, এ তিনটি মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে এরিকসন এমন প্রযুক্তি স্থাপন করবে, যা দিয়ে একই সঙ্গে থ্রিজি ও ফোরজি সেবা দেওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক