ডিএসইর সামনে বিনিয়োগকারীদের অবস্থান কর্মসূচি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ের সামনে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।