ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইন্ডিয়া শো’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।এই প্রদর্শনীতে সেই দেশের দেড় শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের প্রায় ৩০০ প্রতিনিধি ঢাকা আসবেন। তাঁরা বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগসহ দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।ঢাকা সফররত ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) একটি প্রতিনিধিদল ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানায়।আইবিসিসিআইয়ের পক্ষে ট্রিউন নামের একটি সংস্থা গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য পরিবেশন করে। এতে জানানো হয়, মহাখালীতে একটি শিল্পগোষ্ঠীর সম্মেলনকক্ষে রোববার এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরন ও প্রথম সচিব (বাণিজ্যিক) বি শ্যাম, আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ফিকির পরিচালক গৌতম ঘোষ, উপপরিচালক জাসমিত সিং প্রমুখ উপস্থিত ছিলেন।