দেশীয় অর্থায়নে, দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি পদ্মা সেতু এ দেশের বিভিন্ন খাতের শিল্পোদ্যোক্তাদের সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এ সেতু প্রকল্পে দেশীয় পণ্য সরবরাহের পাশাপাশি উৎপাদন সক্ষমতাও বেড়েছে রড, সিমেন্টসহ আরও অনেক খাতের। পদ্মা সেতু প্রকল্পের কাজের সঙ্গে জড়িত সিমেন্ট, রড, নির্মাণ খাতের শিল্পোদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথম আলোকে। কথা বলেছেন সুজয় মহাজন।

পদ্মা সেতু প্রকল্পের আওতায় মূল সেতুর দুই পারের ৩৮ কিলোমিটার সংযোগ সড়কের সড়ক মার্কিংয়ের কাজে বার্জার পেইন্টসের রং ব্যবহার করা হয়েছে। এত বড় একটি প্রকল্পে যুক্ত থাকতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। এ ধরনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের সাহসী পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
অবকাঠামো খাতের যেকোনো বড় প্রকল্প স্থানীয় শিল্পের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি করে। কারণ, যেকোনো ধরনের বিনিয়োগের পূর্বশর্তই হচ্ছে উন্নত ও সহজ যোগাযোগব্যবস্থা। সেই অর্থে পদ্মা সেতু প্রকল্প দেশের ১৯ জেলার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
আমি যতটা জানি, এ সেতু তৈরিতে দেশীয় সিমেন্ট, রডসহ নানা উপকরণ ব্যবহার করা হয়েছে। নিঃসন্দেহে তা এসব শিল্পের সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি পণ্যের মানেরও অনেক উন্নতি হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অনেকাংশে দেশীয় শিল্প ও দেশীয় উপকরণের আন্তর্জাতিকীকরণ ঘটেছে।
যতটুকু জেনেছি, পদ্মা সেতু প্রকল্প কারিগরি দিক থেকে অনেক কঠিন একটি প্রকল্প। নদীর গতিপথকে সমুন্নত রেখে এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন যেকোনো বিবেচনায় প্রশংসার দাবি রাখে। শুধু তা–ই নয়, এ প্রকল্প বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি তৈরিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, যেকোনো বড় প্রকল্প স্থানীয় উদ্যোক্তা বা ব্যবসায়ীদের মধ্যে একধরনের আত্মবিশ্বাস তৈরি করে।
তাঁরা যখন দেখেন বড় বড় প্রকল্পে নানা ধরনের পণ্য, প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, তখন তাঁরাও এ ধরনের পণ্য তৈরি বা যন্ত্রপাতিতে বিনিয়োগে সাহস পান। যেমনটি এ দেশের সিমেন্ট, ইস্পাত ও নির্মাণ খাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি।
এ ছাড়া বিশ্বের বড় বড় পরামর্শক ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছেন এ দেশের উদ্যোক্তারা। এটি তাঁদের ভবিষ্যতে যৌথ বিনিয়োগের ক্ষেত্রেও সহায়তা করবে।
এ ছাড়া আমি মনে করি, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় শিল্পায়নে নতুন গতি সঞ্চার করবে। সব দিক বিবেচনায় পদ্মা সেতু দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তৈরির বড় উদাহরণ হয়ে উঠবে।
রুপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ