
ধরা যাক, কোনো ব্যাংকের পরিচালকের কাগজের কারখানা আছে; সেই কাগজ ব্যাংকে ব্যবহার হচ্ছে। ভবন থাকলে ভাড়া দেওয়া হচ্ছে ব্যাংকের কাছে। আবার কোনো কোনো পরিচালক ব্যাংকের কাছে সেবা ও পণ্য বিক্রি এবং জনবল নিয়োগ দিতে কোম্পানি খুলে বসেছেন। কেউ গাড়ি ভাড়া দিয়ে রেখেছেন। এভাবে নানা কায়দায় নিজ ব্যাংক থেকে বাড়তি অর্থ বের করে নিচ্ছেন পরিচালকেরা।
এতে ব্যাংকগুলো অনেক সময় মানসম্পন্ন সেবা ও পণ্য দিতে পারছে না। এরপরও তারা বাধ্য হচ্ছে এসব সেবা কিনতে। এখন কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, পরিচালকের প্রতিষ্ঠানের পণ্য ও সেবা কিনতে পারবে না কোনো ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর নিচের দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজস্ব ও পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে, ব্যাংকের জন্য প্রয়োজনীয় পণ্য, সেবা কেনাকাটা, অর্থাৎ ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ জন্য ব্যাংক পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার করতে আমানতকারীসহ অন্যান্য গ্রাহক এবং ব্যাংক-কোম্পানির স্বার্থ প্রাধান্য দিতে ব্যাংকের কোনো পণ্য, সেবা ইত্যাদি ক্রয় ও সংগ্রহ বা কেনাকাটা সম্পর্কিত কার্যক্রমে পরিচালনা পর্ষদের কোনো সদস্য বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পৃক্ত হতে পারবে না।