সাক্ষাৎকার

ফলকে বিলাসপণ্য বিবেচনা করাটা অযৌক্তিক

ডলার–সংকট কাটাতে আমদানি নিরুৎসাহিত করতে বিদেশি ফলসহ বেশ কিছু পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম।

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম
প্রশ্ন

ফল আমদানির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। ফলের দামে এর প্রভাব পড়বে কি?

সিরাজুল ইসলাম: বর্তমানে দেশীয় ফলের মৌসুম চলছে। এ জন্য শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্তে এখনই বাজারে কোনো প্রভাব পড়বে না। সপ্তাহখানেক পরে দাম কিছুটা বাড়তে পারে। তবে সেটা সামান্যই হবে। এ ছাড়া দেশীয় ফলের মৌসুম শুরু হওয়ায় বিদেশি ফলের আমদানিও কম হয়েছে। গত এক মাসে নতুন ক্রয়াদেশ প্রায় ৭৫ শতাংশ কমেছে। দেশীয় ফলের মৌসুম শেষ হলে বিদেশি ফলের ওপর চাপ বাড়বে। তখন দামেও এর প্রভাব পড়বে। আর নতুন শুল্ক বাড়ায় এখন যেটা হতে পারে—অনেক আমদানিকারক ক্রয়াদেশ বাতিল করতে পারে।

প্রশ্ন

ফল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন?

সিরাজুল ইসলাম: ফলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করাটা আমি অযৌক্তিক বলে মনে করি। কারণ, ফল কোনো বিলাসিতার অংশ না। বিশেষ করে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা এতটা কমে যায়নি যে ফলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করতে হবে। মানুষ অসুস্থ হলে পুষ্টির জন্য ফল খায়। এটা প্রধানতম শিশুখাদ্যও। তা সত্ত্বেও এটাকে কীভাবে বিলাসপণ্য হিসেবে ধরা হয়েছে, তা আমার বোধগম্য নয়। তারপরও সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের মানতেই হবে।

প্রশ্ন

বিশ্ববাজারে ফলের উৎপাদন ও দামের বর্তমান অবস্থা কেমন?

সিরাজুল ইসলাম: বিশ্ববাজারে ফলের কোনো ঘাটতি নেই। উৎপাদনও ঠিক আছে। আমাদের দেশে বেশির ভাগ ফল আসে চীন, ভারত, মিসর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে। এ জন্য ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ববাজারে ফলের কোনো ঘাটতি তৈরি হয়নি। এ ছাড়া বিশ্ববাজারে ফলের দাম বাড়েনি, বরং কিছুটা কমেছে। রাশিয়া অনেক বড় ফল আমদানিকারক দেশ। যুদ্ধের কারণে সেখানে কম পরিমাণে ফল যাচ্ছে। এতে কিছু কিছু ফলের দাম কমেছে। বিশ্ববাজারে দাম কমলেও আমদানি খরচ বেড়েছে। কারণ, পণ্য পরিবহনের খরচ তিন-চার গুণ বেড়ে গেছে। তিন বছর আগে যেখানে খরচ ছিল ১ হাজার মার্কিন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার মার্কিন ডলার।

প্রশ্ন

দেশে এখন ফলের দাম কেমন?

সিরাজুল ইসলাম: বর্তমানে মৌসুমি ফলের দাম বেশি। সে তুলনায় আমদানি করা ফলের দাম রোজার পরে আর বাড়েনি, বরং কমেছে। ১৫ দিন আগেও ১৮ কেজির আপেলের একটি কার্টুন বিক্রি করেছি ২ হাজার ৮০০ টাকায়, এখন তা ২ হাজার ৫০০ টাকা। এভাবে প্রায় প্রতিটি বিদেশি ফলের দাম কমেছে। আমাদের চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ ফল বিদেশ থেকে আমদানি করতে হয়। যেহেতু আমদানি খরচ বেড়েছে এবং নতুন শুল্ক আরোপ করা হয়েছে, তাতে দেশীয় ফলের মৌসুম শেষে আমদানি করা ফলের দাম বাড়বে।

প্রশ্ন

দেশের ফলের বাজার কত বড়? প্রতিবছর বিদেশি ফলের আমদানি কী পরিমাণ বাড়ছে?

সিরাজুল ইসলাম: দেশের ফলের বাজার আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফলের বাজার প্রায় ১০ হাজার কোটি টাকার ওপরে। প্রতিবছরই এই বাজার ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়ছে। ফল আমদানি ও বিপণন খাতে সারা দেশে প্রায় ২০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

প্রশ্ন

দেশে কোন কোন ফল সবচেয়ে বেশি আমদানি হয়?

সিরাজুল ইসলাম: দেশে আপেল, মাল্টা, কমলা, আঙুর, আম, নাশপাতি, খেজুর, ড্রাগনসহ বেশ কিছু ফল আমদানি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৪০ শতাংশ বা চার হাজার কোটি টাকার আপেল আমদানি হয় প্রতিবছর। এরপর মাল্টা ও কমলা আমদানি হয় মোট আমদানি করা ফলের ৩০ শতাংশ।