যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনেরর ২০২২ সালের ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
বিশ্বের অন্যতম সেরা ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’ সম্প্রতি তাদের দশম আয়োজনে এ পুরস্কারের ঘোষণা দেয়। ফিনটেক, ব্যাংকিং, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উদ্ভাবন ও কৃতিত্বের জন্য প্রতিবছর এ পুরস্কার দেয় ম্যাগাজিনটি। এ বছর এয়ারলাইনস, ব্যাংক/ফাইন্যান্স, ফিনটেক, কনসালটিং, শিক্ষা, শিক্ষাপ্রযুক্তি, শেয়ারবাজার, ইনস্যুরেন্স, ইনভেস্টমেন্ট, লিডারশিপ, প্রযুক্তিসহ মোট ১১টি খাতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার ঘোষণা করেছে ম্যাগাজিনটি।
এ ছাড়া সিঙ্গাপুরের রোবোক্যাশ গ্রুপের সের্গেই সেদভ পেয়েছেন টেকনোলজি লিডার অব দ্য ইয়ার। চীনের অ্যান্ট গ্রুপের সায়মন হু পেয়েছেন বেস্ট ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিডার পুরস্কার ও বেস্ট ফাইন্যান্স লিডার হিসেবে পুরস্কার পেয়েছেন এমিরেটস এনবিডির সায়ান নেলসন। ভারতের পেটিএমের বিজয় শেখর শর্মা পেয়েছেন বেস্ট ফিনটেক লিডার পুরস্কার।
‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুককে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তিতে তাঁর ভূমিকা মূল বিবেচ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। মাত্র তিন বছরের পথচলায় তিনি নগদের মাধ্যমে ছয় কোটির বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসতে পেরেছেন।
পুরস্কারের বিষয়ে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুরস্কারের আশায় কাজ করি না, তবে পুরস্কার কাজেরই স্বীকৃতি। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে পুরস্কৃত করেছে, এতে আমি আনন্দিত। এই অর্জন মূলত আমার নিবেদিতপ্রাণ সহকর্মীদের, যাদের হাত ধরে আরও বেড়ে উঠব আমরা।’
কার্যক্রম শুরুর পর মাত্র দুই বছরের কম সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস অপারেটরের স্থান পেয়েছে ‘নগদ’, যার স্বীকৃতি হিসেবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এর মধ্যে সম্মানজনক বিভিন্ন পুরস্কার পেয়েছে ‘নগদ’। এর ধারাবাহিকতায় এবার গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনের ২০২২ সালের সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে নগদ।
শুধু *১৬৭# ডায়াল করে গত এক বছরে ‘নগদ’-এ যুক্ত হয়েছেন ২ কোটি ১ লাখ মানুষ, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে হিসাব খোলার নতুন রেকর্ড। ‘নগদ’-এর অন্যতম সেরা উদ্ভাবন *১৬৭# ডায়াল করে হিসাব খোলার পদ্ধতি গত এক বছরে পুরো মোবাইল ফাইন্যান্সিয়াল খাতের চেহারা বদলে দিয়েছে। ‘নগদ’-এর এই অত্যাধুনিক প্রযুক্তি ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ সাড়া ফেলেছে এবং একাধিক আন্তর্জাতিক সম্মাননা এনে দিয়েছে।