সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইসহ বিভিন্ন দেশে অ্যাপার্টমেন্ট কেনার জন্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে গণমাধ্যমগুলোকেও এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সতর্ক ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে সতর্ক করেছে।বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে নিবাসী বাংলাদেশিদের (এ দেশে বসবাসকারী) স্থাবর সম্পত্তি কেনার জন্য বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর ওপর বিধিনিষেধ আছে। এ বিধিনিষেধ এড়িয়ে অবৈধভাবে অর্থ প্রেরণে যোগসাজশকারীদের ভূমিকা আইনত দণ্ডনীয় অপরাধ।