বিশ্বের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি-পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল। ব্র্যান্ডটির মূল্য প্রায় ১০ হাজার ৫০০ কোটি ইউএস ডলার।
সেরা ব্র্যান্ড নির্বাচনকারী প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফিন্যান্স গ্লোবাল ৫০০’-এর প্রকাশিত এক তালিকায় এ তথ্য উঠে এসেছে।
পিটিআইয়ের খবরে বলা হয়, ৫০০ ব্র্যান্ডের ওই তালিকায় দ্বিতীয় সেরা ব্র্যান্ড বিবেচিত হয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ধরা হয়েছে সাত হাজার ৯০০ কোটি ইউএস ডলার।
শীর্ষ ১০ ব্র্যান্ডের অন্যগুলো হলো গুগল, মাইক্রোসফ্ট, ভেরাইজন, জিই, এটি অ্যান্ড টি, অ্যামাজন, ওয়ালমার্ট ও আইবিএম।
সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে ভারতের টাটা (ব্র্যান্ডমূল্য দুই হাজার ১১০ কোটি ইউএস ডলার) এগিয়ে আছে। ব্র্যান্ডটি এবার ৩৪তম অবস্থানে আছে। তবে গত বছর এটির অবস্থান ছিল ৩৯তম। এবার সেরা তালিকায় টাটাসহ ভারতের পাঁচটি ব্র্যান্ড আছে। এগুলো হলো এসবিআই (৩৪৭তম), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (৪১৩তম), এয়ারটেল (৩৮১তম) ও ইন্ডিয়ান অয়েল (৪৭৪তম)।
ব্র্যান্ডের ওই তালিকায় অ্যাপল শীর্ষস্থানে থাকলেও ব্র্যান্ড নির্বাচনকারী সংগঠনটি ইতালির খেলার গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরারিকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড’ আখ্যা দিয়েছে।
ব্র্যান্ড ফিন্যান্স জানায়, গুগল, হারমিস, কোকা-কোলা, ডিজনি, রোলেক্সের মতো ১১টি এএএ+ র্যাংকিং পাওয়া ব্র্যান্ডের অন্যতম ফেরারি। ব্র্যান্ডটি শক্তিশালী সূচক, গ্রাহক সন্তুষ্টি, অনলাইনে উপস্থিতির ও কর্মচারীদের সন্তুষ্টি বিবেচনায় ব্র্যান্ড ফিন্যান্সের বিশেষ নজরে এসেছে। ৪০০ কোটি ব্র্যান্ডমূল্য নিয়ে ফেরারি তালিকায় ৩৫০তম স্থানে আছে।
এ বছর সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১৮৫টি ব্র্যান্ড আছে। তালিকায় জাপানের ৪২টি, ফ্রান্সের ৩৭, যুক্তরাজ্যের ৩৫, জার্মানির ৩২, চীনের ২৭, সুইজারল্যান্ডের ১৯টি ব্র্যান্ড আছে।
ব্র্যান্ড ফিন্যান্স জানিয়েছে, তালিকায় রাশিয়া, ভারত ও ব্রাজিলের অবস্থান ভালো নয়।