ওষুধশিল্পে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব আইন মানার বাধ্যবাধকতা থেকে মুক্তি মিলছে ২০৩৩ সাল পর্যন্ত। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপারটি রাইটসের (টিআরআইপিএস বা ট্রিপস) বিধিবিধান ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে মানতে হবে না।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানিয়েছেনে।
বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে ডব্লিউটিওর ট্রিপস চুক্তি মানতে হবে না বলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় দিয়েছিল ডব্লিউটিও।
এ সংক্রান্ত একটি বৈঠক ৬ নভেম্বর জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক হিসেবে এই সময়সীমা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে ওষুধ শিল্প উৎপাদক সমিতির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। এতে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হবে।’