মোবাইল ফোনে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হলে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। ১০০ টাকার কথা বলা বা সমপরিমাণ টাকার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত ৫ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। বর্তমানে মোবাইল সেবায় ১৫ শতাংশ মূল্য সংযোজন কর দিতে হয় গ্রাহকদের।
আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় মোবাইল ফোনের সিম কার্ড ইস্যুর ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে মোবাইল অপারেটরদের প্রতি সিমকার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা এবং প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক ধার্য আছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে বলেন, ‘মোবাইল ফোন খাতের উত্তরোত্তর উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্য-প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে তথা এ খাতের সার্বিক সুষম প্রবৃদ্ধির জন্য সিমকার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক-কর ধার্য করার প্রস্তাব করছি।’
এ ছাড়া মোবাইলের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এদিকে মোবাইল সিম কার্ড ইস্যু ও সিম প্রতিস্থাপনে কর কমানোর প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ উল্লেখ করলেও মোবাইল ফোন সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপকে গ্রাহকদের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছে মোবাইল কোম্পানিগুলো। তাঁরা মনে করছে এর মাধ্যমে গ্রাহকদের ওপর চাপ বাড়বে। পাশাপাশি মোবাইল সেবা ব্যবহারের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
আজ বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সিম কর কমানোর সিদ্ধান্ত বাংলাদেশে মোবাইল ফোন সংযোগের বিস্তার ঘটানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও আমরা আশা করেছিলাম যে সিম কর পুরোপুরি মওকুফ করে দেওয়া হবে। তবে সিম কর কমানোর সিদ্ধান্ত নিশ্চিতভাবেই সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগ এবং পদক্ষেপসমূহকে ত্বরান্বিত করবে।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা উদ্বিগ্ন যে, মোবাইল সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ আমাদের গ্রাহকদের জন্য বাড়তি চাপ হিসাবে দেখা দেবে। এর ফলে এই খাতের সামগ্রিক রাজস্ব কমে আসার আশঙ্কাও রয়েছে।’