এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে গতকাল বুধবার শুরু হয়েছে পাঁচ দিনের এসএমই পণ্য মেলা। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, এসএমই ফাউন্ডেশনের এমডি সৈয়দ ইহ্সানুল করিম প্রমুখ বক্তব্য দেন। রাজশাহীসহ সব বিভাগীয় শহর, জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০টি এসএমই প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান চামড়াজাতসামগ্রী, পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিকসামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল পণ্য, পোশাক প্রভৃতি পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে কোনো প্রবেশমূল্য নেই। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী