প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমিয়ে আনা হচ্ছে। আগামীকাল বুধবার থেকে নতুন এই ব্যবস্থা ‘টি+২’ চালু হবে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আগামীকাল থেকে ডিএসইতে টি+২ লেনদেন ব্যবস্থা চালু হবে।
ডিএসই সূত্রে জানা যায়, টি+২ ব্যবস্থা কার্যকর হলে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন নিষ্পত্তিতে তিন দিনের পরিবর্তে দুদিন সময় লাগবে। বর্তমানে ডিএসইতে ‘টি+৩’ ব্যবস্থা চালু রয়েছে।
গত ২৩ জানুয়ারি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়।