আগামীকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের সব ব্যাংক খোলা থাকবে। একই দিন শেয়ারবাজারেও লেনদেন হবে। স্বাভাবিক কার্যদিবসের মতো সাপ্তাহিক এ ছুটির দিনটিতেও চলবে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারের লেনদেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এ ছাড়া শেয়ারবাজারে বিরতিহীনভাবে লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
গত ৪ জুলাই অফিস খোলার দিনে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ফলে চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি পান। এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে বলে সরকারি আদেশে আগেই জানানো হয়েছিল। সেই হিসাবে ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।