স্থানীয় বিনিয়োগ থেকে সাত বছরে দেশে ১৯ লাখ ৬০ হাজার জনের কর্মসংস্থান হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম পরিচালনা পর্ষদের বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
বিডার তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৩২ হাজার ৬১৪ জনের। এর আগের বার অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে স্থানীয় বিনিয়োগ থেকে কর্মসংস্থান হয় ২ লাখ ৯ হাজার ১০৬ জনের।
সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে ২০১০-১১ অর্থবছরে মোট ৪ লাখ ৩২ হাজার ৪৭২ জনের। আর সবচেয়ে কম কর্মসংস্থান হয়েছে ২০১৩-১৪ অর্থবছরে ১ লাখ ৯৯ হাজার ৫০০ জনের।
কর্মসংস্থানের পাশাপাশি বৈঠকে ২০০৯-১০ থেকে ২০১৫-১৬ পর্যন্ত সাত অর্থবছরের স্থানীয় বিনিয়োগের জন্য প্রকল্প নিবন্ধন এবং বিনিয়োগের পরিমাণও তুলে ধরেছে বিডা।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প নিবন্ধন হয়েছে ২০১১-১২ অর্থবছরে ১ হাজার ৭৩৫টি, আর সবচেয়ে কম নিবন্ধন হয়েছে ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৩০৮টি।
আর সাত বছরের মধ্যে স্থানীয় বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি ২০১৫-১৬ অর্থবছরে, পরিমাণ ১ হাজার ২০০ কোটি ৮০ লাখ ডলার (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে ৯৩ হাজার ৬৬২ কোটি টাকা)। আর সবচেয়ে কম স্থানীয় বিনিয়োগ হয়েছে ২০০৯-১০ অর্থবছরে ৩৯৪ কোটি ১০ লাখ ডলার বা ৩০ হাজার ৭৩৯ কোটি ৮০ লাখ টাকা।