অগ্রাধিকারমূলক প্রকল্প

নির্বাচনের বছরে বড় প্রকল্পে তোড়জোড় 

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় থাকা আটটি প্রকল্পের মধ্যে মাত্র তিনটি শেষ হবে।

নির্বাচনের বছরে বড় ও অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। ক্ষমতাসীন রাজনৈতিক দলটি ভোটের বাজারে জনগণের সমর্থন পাওয়ার লক্ষ্যে ফাস্ট ট্র্যাক খ্যাতের বড় প্রকল্পগুলোর অগ্রগতি নিবিড় পর্যবেক্ষণে রাখছে।

ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই দফায় অগ্রাধিকারপ্রাপ্ত ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। সে অনুযায়ী সর্বশেষ জানুয়ারি মাস পর্যন্ত অগ্রাধিকারমূলক আটটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আইএমইডি। ২০২৪ সালের জানুয়ারি মাসে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 

আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে আটটি ফাস্ট ট্র্যাক প্রকল্পের মধ্যে মাত্র তিনটির কাজ শেষ হবে। এগুলো হলো পদ্মা সেতু, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ও পায়রা গভীর সমুদ্রবন্দর। তবে মেট্রোরেলের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও আগামী ডিসেম্বর মাসে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করার কথা রয়েছে। বাকি চার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু রেল সংযোগ ও দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ এ বছর, অর্থাৎ নির্বাচনের আগে শেষ হবে না। তবে প্রকল্পগুলোয় দৃশ্যমান অগ্রগতি থাকবে। 

এ বিষয়ে বড় অবকাঠামো বিশেষজ্ঞ ও সাবেক সচিব এম ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে বড় ও অগ্রাধিকার প্রকল্পগুলো নামমাত্র উদ্বোধন কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখাতেই এত তোড়জোড় করছে সরকার। এতে আসলে প্রকল্পটি যে উদ্দেশ্যে করা হয়েছে, তা হবে না। যেমন পদ্মা সেতু চালু হয়েছে, কিন্তু সেভাবে ট্রাফিক বাড়ছে না। মেট্রোরেল আংশিক চালু হলেও জনগণ এর সুফল পাচ্ছে না। তাঁর মতে, সামষ্টিক অর্থনীতির সমস্যা সমাধান হয়নি। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে গতি নেই। আবার ডলার–সংকটেরও সমাধান হয়নি। ফলে উন্নয়ন প্রকল্পগুলোয় অর্থায়নের ঘাটতি হবে। 

নির্বাচনের আগে বড় ও অগ্রাধিকার প্রকল্পগুলো নামমাত্র উদ্বোধন কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখাতেই এত তোড়জোড় করছে সরকার। এতে আসলে প্রকল্পটি যে উদ্দেশ্যে করা হয়েছে, তা হবে না।
এম ফাওজুল কবির খান, বড় অবকাঠামোবিশেষজ্ঞ ও সাবেক সচিব

তবে প্রকল্প বাস্তবায়নে গত কয়েক মাসে ডলার–সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, দোহাজারী–কক্সবাজার রেলপথ নির্মাণে নিয়োজিত ঠিকাদারদের বিল পরিশোধে পর্যাপ্ত ডলার মেলেনি। এসব ঠিকাদারকে তাঁদের চাহিদা অনুযায়ী বিল পরিশোধ করা যায়নি। পদ্মা সেতু প্রকল্পের চীনা ঠিকাদারকে প্রতি মাসে ৪০-৫০ লাখ ডলার পরিশোধ করেছে প্রকল্প কার্যালয়, যা ঠিকাদারের চাহিদার অর্ধেক। পদ্মা সেতু প্রকল্প কার্যালয় থেকে একাধিকবার বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে। একইভাবে ডলার–সংকটে পড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেল প্রকল্প। 

বাস্তবায়ন কত

আটটি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু প্রকল্পই সবচেয়ে এগিয়ে আছে। ইতিমধ্যে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এখন রেল সংযোগের কাজ চলছে। সার্বিকভাবে গত ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকল্প বরাদ্দের সাড়ে ৯৪ শতাংশ বা ২৮ হাজার ৪০২ কোটি টাকা খরচ হয়েছে। প্রকল্পটির মোট খরচ ধরা হয়েছে ৩০ হাজার ১৮৩ কোটি টাকা। ২০০৯ সালে এটি শুরু হয়। তবে গত দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারি) প্রকল্পটিতে মাত্র ১৩৬ কোটি টাকা খরচ হয়েছে। আগামী ৩০ জুন প্রকল্পটি শেষ হবে।

রাজধানীর যানজট কমাতে ও যাত্রীদের দ্রুত চলাচলের সুযোগ করে দিতে ২০১২ সালে উত্তরা থেকে মিরপুর–ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। গত ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়েছে। ২০২৪ সালের জুন মাসের মধ্যে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত বিস্তৃত মেট্রোরেল প্রকল্পটির কাজ শেষ হবে। এক দফা খরচ বাড়িয়ে এখন এটির ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। জানুয়ারি মাস পর্যন্ত বাস্তবায়নের হার ৬৩ শতাংশ। 

বাংলাদেশ–ভারতের যৌথ বিনিয়োগের রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজও শেষের দিকে। গত ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকল্পটির ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। যদিও চলতি ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। জানা গেছে, আগামী এপ্রিল মাসের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেই উৎপাদন শুরু হবে। ২০১৭ সালে ১৬ হাজার কোটি টাকার এই প্রকল্প নেওয়া হয়। 

৩৯ হাজার ২৪৬ কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ তৈরি করা হবে। ২০১৬ সালে প্রকল্পটি শুরু হয়, যা ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়ন আশানুরূপ নয়। যেখানে আট বছরে ৬৭ শতাংশ কাজ শেষ হয়েছে, সেখানে দেড় বছরে বাকি ৩৩ শতাংশ কাজ শেষ করা নিয়ে প্রশ্ন রয়েছে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এটি দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র। ২০১৬ সালের জুলাই মাসে প্রকল্পটি নেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। গত জানুয়ারি মাস পর্যন্ত বাস্তবায়ন হয়েছে মাত্র ৫২ শতাংশ। 

গত আট বছরে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি ৫৮ শতাংশ। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে। 

পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পটি দুবার সংশোধনের পর খরচ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৪ কোটি টাকা। এই পর্যন্ত ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি কাজ শেষ করতে হবে। জানা গেছে, সময় আরও ছয় মাস বাড়ানো হতে পারে। 

কক্সবাজারে যেতে পর্যটকদের সুবিধার জন্য চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। এটি সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শুরু হয় ২০১০ সালে। কিন্তু জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় কাজ শুরু করতেই চার-পাঁচ বছর চলে যায়। এক দফা প্রকল্প সংশোধনও করা হয়। ২০২৪ সালের জুন মাসে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে। এখন পর্যন্ত খরচ হয়েছে ৪১ শতাংশ অর্থ।