
গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং মেডিকেল যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিটাকের সভাকক্ষে এই স্মারক স্বাক্ষরিত হয়। কারিগরি ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, গবেষণার লক্ষ্যে ল্যাব ও ওয়ার্কশপ–সুবিধা বিনিময়সহ বেশ কিছু উদ্দেশ্য সামনে রেখে এ স্মারক স্বাক্ষরিত হয়।
বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম এবং প্রমিক্সকো গ্রুপের মহাব্যবস্থাপক মো. হাসানুজ্জামান এ স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং প্রমিক্সকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইহসানুল করিম বলেন, বিটাক কারিগরি ক্ষেত্রে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। এই স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষ আরও এগিয়ে যাবে। এ স্মারকের আওতায় যৌথ প্রশিক্ষণ আয়োজন, নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির লক্ষ্যে বিদ্যমান প্রযুক্তির আধুনিকায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে।
প্রমিক্সকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম বলেন, ‘পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য।’
বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের দেশ নানাদিক থেকে সম্ভাবনাময়। এ দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের বিকল্প নেই। আজ এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার দ্বার প্রসারিত হলো। বিটাকের সব কর্মকর্তা-কর্মচারী এসব চুক্তি বাস্তবায়নে সচেষ্ট থাকবে।’