আইসিএবির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

দেশের অর্থনৈতিক উন্নয়নে পেশাদার হিসাববিদদের অবদান আছে। আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান আইসিএবি পেশাদার হিসাববিদ তৈরিতে অবদান রাখছে। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আতশবাজি পোড়ানো ও শুক্রবার কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে আইসিএবি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন।
শুক্রবার বিকেলে ‘আইসিএবির ৫০ বছর: মূল্যায়ন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় অংশ নেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএবির প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মো. ইয়াসিন মিয়া, এমবিএম লুৎফুল হাদী, ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর, সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্য মো. শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান খসরু, কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ, মো. আবদুল কাদের জোয়াদ্দার, মো. মুহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ। আইসিএবির সিইও শুভাশীষ বসু সমাপনী বক্তব্য দেন।

আইসিএবি সভাপতি মনিরুজ্জামান বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থনীতিতে বহুমুখী ভূমিকা পালন করছেন। তাঁরা নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয়তা অনুযায়ী নিরীক্ষা, ট্যাক্সেশন কমপ্লায়েন্স ও প্রত্যয়নের মতো বিভিন্ন বিধিবদ্ধ পরিষেবা দিয়ে থাকেন। আয়কর ও ভ্যাট, কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, বীমা আইন, বিএসইসি প্রবিধান, শ্রম আইন ইত্যাদির মতো বিভিন্ন প্রবিধানের সঙ্গে সম্মতি নিশ্চিত করার জন্য সিএ দ্বারা প্রদত্ত পরিষেবা কেবল অর্থনৈতিক শৃঙ্খলার জন্যই নয়; বরং উচ্চ রাজস্ব সংগ্রহে সরকারকে সরাসরি সহায়তা করে আসছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সঠিক হিসাবব্যবস্থা, নিরীক্ষা অনুশীলন নিশ্চিত করা, সামগ্রিকভাবে হিসাবরক্ষকদের পেশা নিয়ন্ত্রণ ও এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় তদারক করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং-২ অব ১৯৭৩) এর মাধ্যমে ১৯৭৩ সালের ৬ জানুয়ারি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রতিষ্ঠা করেন।