
সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে সম্প্রতি ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একই সঙ্গে আমদানিতে আগের চেয়ে ২ শতাংশ বেশি অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। ফলে সিমেন্টশিল্প চরম ক্ষতির মুখে পড়েছে জানিয়ে এই সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। একই সঙ্গে আমদানি ও বিক্রয় পর্যায়ে অগ্রিম আয়কর সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ নির্ধারণের দাবি জানান তাঁরা।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতি (বিসিএমএ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএমএ সভাপতি মো. আলমগীর কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএমএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহীদুল্লাহ, নির্বাহী সদস্য আমিরুল হক ও নির্বাহী পরিচালক শংকর কুমার রায়সহ বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
বিসিএমএ সভাপতি মো. আলমগীর কবির জানান, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে। তবে হঠাৎ করেই সম্প্রতি এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এ ছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ।
আলমগীর কবির আরও বলেন, সাধারণত সম্পূরক শুল্ক আরোপিত হয় বিলাস দ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য ও সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়—এমন পণ্যের ক্ষেত্রে। তবে নির্মাণসামগ্রী হিসেবে সিমেন্ট জনগণের মৌলিক চাহিদা বাসস্থান নির্মাণে ব্যবহার হয়। ফলে এ রকম গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল চুনাপাথর আমদানিতে কেন সম্পূরক শুল্কারোপ করা হলো, তা বোধগম্য নয়।
চুনাপাথরকে বৈদেশিক মুদ্রাসাশ্রয়ী কাঁচামাল দাবি করে আলমগীর কবির বলেন, সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, স্লাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম। এর মধ্যে অন্যান্য কাঁচামালের তুলনায় চুনাপাথর আমদানির মূল্য সবচেয়ে কম। এখন বাড়তি শুল্কের কারণে চুনাপাথর আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ব্যবসায়ীরা। এতে অন্যান্য কাঁচামাল আমদানির পরিমাণ বাড়লে তাতে শেষমেশ ডলারের ওপর চাপ বাড়বে।
ব্যবসায়ীরা বলেন, এ ছাড়া অগ্রিম আয়কর কমানোর বিষয়ে অনেক দিন ধরে দেন দরবার করা হলেও সরকারের সংশ্লিষ্ট মহল যথাযথ গুরুত্ব দিচ্ছে না; বরং আমদানি পর্যায়ে আরও ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।
আলমগীর কবির বলেন, আমদানি ছাড়াও বিক্রয় পর্যায়েও ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। অর্থাৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লোকসান করলেও তাকে চূড়ান্ত এই অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য সিমেন্ট খাতের উদ্যোক্তারা আমদানি ও বিক্রয় পর্যায়ে অগ্রিম আয়কর সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ আরোপ করার দাবি জানিয়েছেন।
ডলার সংকটের কারণে সিমেন্টের কাঁচামাল আমদানিতে বিঘ্ন হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিএমএ সভাপতি বলেন, নতুন করে এলসি খুলতে সমস্যা হচ্ছে। অন্যদিকে গ্যাস–সংকটের কারণে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না কারখানাগুলো। কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সিমেন্টের স্থানীয় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে প্রভাব পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
এসব সংকট কাটাতে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি সিমেন্ট রপ্তানিতে নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে অগ্রিম আয়করের বিধানের কারণে দেশের অন্যান্য খাতের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বারবার বলে আসছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, অগ্রিম করের কারণে বড় কোম্পানির বিপুল পরিমাণ টাকা আটকে যায়; এতে কোম্পানি পরিচালন মূলধনের সংকটে পড়ে। তাঁরা বলেন, কোনো কোম্পানি মুনাফা করুক বা লোকসান করুক, তাকে অগ্রিম আয়কর দিতেই হবে, এটা কেউ বেঁধে দিতে পারে না।