পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে প্রথম আলোর পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিক। আজ রাজধানীর কেআইবি মিলনায়তনে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে প্রথম আলোর পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিক। আজ রাজধানীর কেআইবি মিলনায়তনে

ইআরএফ অ্যাওয়ার্ড

৮ শ্রেণির ৬টিতে পুরস্কার পেলেন প্রথম আলোর ৫ সাংবাদিক

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এ বছরের সেরা প্রতিবেদন পুরস্কারের আটটি শ্রেণির মধ্যে ছয়টিতেই বিজয়ী হয়েছেন প্রথম আলোর পাঁচ সাংবাদিক। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিলিয়ে পুরস্কার বিজয়ী মোট ১৪ সাংবাদিকের মধ্যে ৭ জনই ছিলেন প্রথম আলোর সাংবাদিক। এর মধ্যে প্রথম আলোর দুই সাংবাদিক একাধিক শ্রেণিতে সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ বা কেআইবি মিলনায়তনে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২-বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় এ পুরস্কার প্রদান করেছে ইআরএফ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কামাল কাদীর।

সেরা প্রতিবেদনের জন্য প্রথম আলোর বিজয়ী সাংবাদিকেরা হলেন ফখরুল ইসলাম, জাহাঙ্গীর শাহ, শুভংকর কর্মকার, আরিফুর রহমান ও সানাউল্লাহ সাকিব। এর মধ্যে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম পুঁজিবাজার শ্রেণিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন। তিনি ‘পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসের প্রতারণা’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান।

অতিথিদের সঙ্গে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২-বিজয়ী সাংবাদিকেরা। আজ রাজধানীর কেআইবি মিলনায়তনে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ এককভাবে পুরস্কার পেয়েছেন রাজস্ব খাতে সেরা প্রতিবেদনের জন্য। তিনি ‘কারওয়ান বাজারে দুই ভবনে ১৪০০ কোম্পানি’ শীর্ষক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান। এ ছাড়া বেসরকারি খাত শ্রেণিতে তিনি যৌথভাবে সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন।

বেসরকারি খাতে সেরা প্রতিবেদনের জন্য যৌথভাবে সেরা প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শুভংকর কর্মকার ও জাহাঙ্গীর শাহ। তাঁরা ‘শিল্প খাতে উৎপাদন কমেছে, বিক্রিতে মন্দা’ শীর্ষক প্রতিবেদনের জন্য যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছেন।

কৃষি খাতে সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব। তিনি ‘ছোটদের বীজের বাজারে করপোরেটরা’ শীর্ষক প্রতিবেদনের জন্য এ শ্রেণিতে সেরা নির্বাচিত হন। এ ছাড়া তিনি ব্যাংক ও বিমা শ্রেণিতে যৌথভাবে সেরা প্রতিবেদকেরও পুরস্কার পেয়েছেন। এ শ্রেণিতে সানাউল্লাহ সাকিবের সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দৈনিক বাংলার মৌসুমী ইসলাম। এ শ্রেণিতে সানাউল্লাহ সাকিবের করা ‘অনেক বিদেশি ব্যাংক মুখ ফিরিয়ে নিচ্ছে’ শীর্ষক প্রতিবেদন সেরা নির্বাচিত হয়।

প্রথম আলোতে ধারাবাহিকভাবে প্রকাশিত সরকারি একাধিক ভবন তৈরিতে রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে প্রতিবেদনের জন্য অনুসন্ধান শ্রেণিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। তারই একটি প্রতিবেদন ছিল দুই ভবন অপচয়ের উদাহরণ ।

প্রথম আলোর পাঁচ প্রতিবেদক ছাড়াও ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতিবিষয়ক ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার, বেসরকারি টেলিভিশন এনটিভির সাংবাদিক হাসানুল আলম, যমুনা টেলিভিশনের আলমগীর হোসাইন, নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান, ঢাকা পোস্টের শফিকুল ইসলাম ও নিউজবাংলাটোয়েন্টেফোরে প্রকাশিত প্রতিবেদনের জন্য শাহ আলম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ সাদিক, ইআরএফ সভাপতি শারমিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইআরএফের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।