পি কের কোম্পানি চালুর উদ্যোগ নিচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং

পি কে হালদার
ফাইল ছবি

আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের চারটি প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এসব প্রতিষ্ঠানের কাছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পাওনা ২৬০ কোটি টাকা। তবে ইন্টারন্যাশনাল লিজিংয়ের করা সম্পদ মূল্যায়নের পর প্রতিষ্ঠান চারটির বিক্রয়মূল্য দাঁড়িয়েছে মাত্র ৩৬ কোটি টাকা। তাই প্রতিষ্ঠানগুলো বিক্রি না করে চালু করে পাওনা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো রেপটাইলস ফার্ম, আনান কেমিক্যাল, নর্দান জুট ও রহমান কেমিক্যাল।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান নজরুল ইসলাম খান গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল প্রতিষ্ঠানটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মশিউর রহমান।

নজরুল ইসলাম খান বলেন, ‘পি কে হালদারের চারটি ঋণখেলাপি প্রতিষ্ঠান রয়েছে। কারখানাগুলো লাভজনক ছিল। কিন্তু এসব প্রতিষ্ঠানের পরিচালকেরা বর্তমানে পলাতক ও নিষ্ক্রিয় থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম। এ কারণে আমরা একটি সৃজনশীল উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে হাইকোর্ট কুমিরের খামার বা রেপটাইলস ফার্ম এবং আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছেন। নতুন পর্ষদ প্রতিষ্ঠান দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চার প্রতিষ্ঠানের বাইরে আরও অনেক প্রতিষ্ঠান পি কে হালদার-সংশ্লিষ্ট। যেখানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের টাকা গেছে। এর মধ্যে অন্যতম হলো কক্সবাজারের র‌্যাডিসন ব্লু হোটেল। আর ইন্টারন্যাশনাল লিজিংয়ের সংকটের কারণে অনেক নামীদামি লোকও সুবিধা নিচ্ছেন। তারাও ঋণের টাকা ফেরত দিচ্ছেন না। আবার অনেকের টাকা কখনো ফেরত পাওয়া যাবে না। কারণ, তাঁদের পরিবার বিদেশে চলে গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, অনিয়ম–দুর্নীতি হলে প্রতিষ্ঠানের হিসাব জব্দ ও প্রতিষ্ঠান বন্ধ না করে দ্রুত আইনিব্যবস্থা নিতে হবে। আর মামলা করতে হবে এক থেকে দুটি। তাহলে দ্রুত বিচার শেষ হবে। ব্যক্তির বিচার হবে, প্রতিষ্ঠানগুলোও টিকে থাকবে। অথচ আমাদের এখানকার দুর্নীতির জন্য ৩৬-৩৭টি মামলা চলছে।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মশিউর রহমান বলেন, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ছোট আমানতকারীদের ১৩৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। ৪ হাজার ৬৫২ আমানতকারী টাকা ফেরত পেয়েছেন। এখন ছোট আমানতকারীদের ধীরে ধীরে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আর আমানত ও ঋণের দায়কে মূলধনে (ইকুইটি) বা শেয়ারে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে একটি চুক্তি হয়েছে।

জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের কাছে মার্কেন্টাইল ব্যাংকের পাওনা রয়েছে ৪৮৭ কোটি টাকা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৯৫ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১০১ কোটি টাকা, ডাচ্‌-বাংলা ব্যাংকের ৩৭ কোটি টাকা, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৩০ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্টের ২৮ কোটি টাকা ও যমুনা ব্যাংকের ২৩ কোটি টাকা। আবার আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের ৩৭ কোটি টাকা ও মেরিডিয়ান ফাইন্যান্সের ৩০ কোটি টাকাও আটকে গেছে। সব মিলিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা।

গত জুন শেষ প্রতিষ্ঠানটির আমানত ছিল ১ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত ৬৪০ কোটি টাকা, করপোরেট আমানত ১ হাজার ১০০ কোটি টাকা। আর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণ রয়েছে ২ হাজার ৪৫০ কোটি টাকা। এর বিপরীতে ঋণ প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে ৮২ শতাংশ ঋণই খেলাপি।

পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিংসহ চারটি আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম মালিক ও ঋণের বড় সুবিধাভোগী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ৩০টি প্রতিষ্ঠানের নামে বের করে নেওয়া ২ হাজার ২৯ কোটি টাকার মধ্যে ১ হাজার ৫৯৬ কোটি টাকার সুবিধাভোগী পি কে হালদার ও তাঁর সহযোগীরা। পি কে হালদার এখন ভারতের জেলে, অন্যদের কেউ দেশের জেলে। আর অনেকেই দেশছাড়া, কেউ আবার বহাল তবিয়তে।