গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়লে শিল্প খাত ও জনজীবনে কী প্রভাব পড়বে, তা নিয়ে কথা বলেছেন এক অর্থনীতিবিদ।

বিদ্যুতের দাম যদি সমন্বয় করতেও হয়, আমার কাছে মনে হয়, এখন দাম বাড়ানোর সঠিক সময় নয়।
অনেক দিন ধরে আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বসবাস করছি। মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো বিদ্যুতের দাম বাড়লে অনেকের জন্যই তা একটা বাড়তি খরচের বোঝা হিসেবে আসবে। সুতরাং কীভাবে এই মূল্যস্ফীতি কমানো যায়, সেই চেষ্টা থাকা উচিত।
আমরা জানি, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিতে সরাসরি প্রভাব ফেলে। এদিক থেকে সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কমে আসার প্রবণতা খুবই নগণ্য। সেটা আবার নতুন করে মূল্যস্ফীতি উসকে দিতে পারে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করার সুযোগ আছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।
পাশাপাশি বিদ্যুৎ খাতের অদক্ষতা, অব্যবস্থাপনা ও অপচয় নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। এসব বিষয় কীভাবে সমাধান করা হবে, তা পরিষ্কার নয়। ভোক্তারা যখন দেখে এসব অব্যবস্থাপনা সমাধান করার পরিবর্তে দাম বাড়ানো হচ্ছে, তখন তাদের কাছে ভিন্ন বার্তা যায়। এ জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধির চেয়ে এসব বিষয় সমাধান করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। বিদ্যুৎ খাতের নানা অনিয়ম বন্ধ করে কীভাবে সুলভ মূল্যে গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়, সরকারের উচিত সেই চেষ্টা করা।
বিদ্যুতের দাম বাড়লে তা শিল্পকারখানা ও উৎপাদন খাতেও প্রভাব ফেলবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়েই প্রভাবিত হবেন। যাঁরা ধনী, তাঁদের ওপর এই মূল্যবৃদ্ধি প্রভাব ফেলবে না। তবে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের জন্য এটা বাড়তি বোঝা হিসেবে আসবে। সে জন্য এ রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ভালোভাবে আলোচনা করে নেওয়া প্রয়োজন।
অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে আছে। এখন নতুন করে কিছু করতে হলেও আগে বিকল্প উপায়গুলো নিয়ে আলোচনা করা উচিত।