জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা যা বলছেন

ট্রাক-ট্রেলরভাড়া ৪০% বাড়তে পারে

কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল
কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল

হঠাৎ কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের এত দাম বাড়ানোর প্রভাব পণ্য পরিবহনে মারাত্মকভাবে পড়বে। এর আগে একসঙ্গে কখনো জ্বালানির এত দাম বাড়ানো হয়নি। এবার এত দাম বাড়ানোয় আমরা কিছুটা বিচলিত। এভাবে এত দাম বাড়ানোর সিদ্ধান্ত ভালো হয়নি।

ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ও আশপাশের এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও ট্রেলরভাড়া ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে এই পথে পাঁচ টনের একটি ট্রাকভাড়া ১৭-১৮ হাজার টাকা। এটি বেড়ে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আবার ৩০ ফুট ও ৪০ ফুট দৈর্ঘ্যের ট্রেলরভাড়া এখন যথাক্রমে ৩০-৩১ হাজার এবং ৩৬-৩৭ হাজার টাকা। একইভাবে ট্রেলরভাড়াও বাড়বে। এতে আমদানিকারক ও রপ্তানিকারকের পণ্য পরিবহন খরচ বাড়বে। সার্বিকভাবে ব্যবসায় খরচ বাড়বে।

আমরা পণ্য পরিবহন করে থাকি। জ্বালানির মূল্যবৃদ্ধিতে এখন ট্রাক-ট্রেলরভাড়া বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা নিরুপায়। আমদানিকারকের পরিবহন খরচ বাড়লে স্বাভাবিকভাবে তাতে পণ্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত যা ভোক্তার ওপর চাপবে। কিন্তু মানুষের আয় কি একইভাবে বেড়েছে? অবশ্যই না।


কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল, পরিচালক, বাংলাদেশ ফ্রেইট, ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন