জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা যা বলছেন

জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়েছে ৪২.৫%

নুরুল হক
নুরুল হক

আমাদের প্রাথমিক হিসাবে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনে জাহাজগুলোর জ্বালানি খরচ সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। তাতে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। আমাদের সেলের অধীনে যেসব জাহাজ রয়েছে, সেগুলোতে খাদ্যপণ্য থেকে শুরু করে সার, সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারসহ নানা ধরনের আমদানি করা কাঁচামাল পরিবহন করে থাকি। শুক্রবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আমরাও পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোকে ভাড়া বাড়ানোর বিষয়টি জানিয়ে দিয়েছি। গতকাল সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ চিঠি পাঠানো হয়েছে।

সাধারণ পরিবহনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধি, সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা ভাড়া সমন্বয় করে থাকি। আগামী ৯-১০ তারিখের মধ্যে ভাড়া কত বাড়বে সেই বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে। ভাড়া যতই বাড়ুক, তা কার্যকর হবে গতকাল থেকে। সাধারণত এক হাজার টন পণ্য পরিবহনের ক্ষমতাসম্পন্ন একটি জাহাজে চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়ায় পণ্য নিতে তিন হাজার লিটার তেল লাগে। এখন সেখানে জ্বালানিবাবদ খরচ বেড়েছে লাখ টাকার বেশি। অবশ্যই এ বাড়তি খরচ ভাড়া বাড়িয়ে সমন্বয় করা হবে।


নুরুল হক, আহ্বায়ক, ওয়াটার ট্রান্সপোর্ট সেল