
দেশের বিমা খাত অত্যন্ত সম্ভাবনাময়। সম্ভাবনার দুয়ার অবশ্য সব খুলছে না। ধীরে ধীরে সব দুয়ার খুলবে বলে আশা করছি। এ খাতে অতিরিক্ত কমিশন প্রথা রয়ে গেছে এখনো।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এ প্রবণতা দূর হচ্ছে না। শুধু আইডিআরএর উদ্যোগই এ ব্যাপারে যথেষ্ট নয়।
পাশাপাশি কোম্পানিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই উদ্যোগী হলে অতিরিক্ত কমিশন দেওয়ার প্রবণতা কমে আসবে।
আমি আশাবাদী, আগামী দশক হবে বিমা খাতের দশক। বিমা খাতকে এগিয়ে নিতে সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিবছর ১ মার্চকে বিমা দিবস ঘোষণা শুধু নয়, দিবসটিকে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতেও উন্নীত করেছে। তারপরও বিমা খাতকে উজ্জীবিত করতে অনেক কাজ করা এখনো বাকি আছে।
গ্রাহকের চাহিদা মোতাবেক সময়োপযোগী নতুন নতুন বিমা পণ্য চালু করা এখন সময়ের দাবি। আবার দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবাও দিতে হবে। আর যথাসময়ে বিমা দাবি পরিশোধ করে গ্রাহকের আস্থা অর্জন করা বিমাশিল্পের স্বার্থেই খুব জরুরি।
আমাদের দেশে একটি বড় ক্ষুদ্র বিমার বাজার রয়েছে। সম্ভাবনা কাজে লাগাতে পারলে মানুষ গ্রাহক হবেনই, যা প্রিমিয়াম বাড়তে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান বৃদ্ধিতে সহায়তা করবে। আইডিআরএ ও সরকারের যেসব উদ্যোগ দেখা যাচ্ছে, তাতে এ খাত নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ব্যাংকাস্যুরেন্স আসছে বলে শোনা যাচ্ছে।
এটা এ খাতের জন্য খুবই সুসংবাদ। পলিসি গ্রাহকদের উদ্দেশে বলতে পারি, তাঁরা যেন ভালো কোম্পানি দেখে পলিসি খোলেন। বিমা খাতে কিছু নেতিবাচক চিত্র আছে, যা আগে আরও বেশি ছিল। এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। আরেকটা কথা না বললেই নয়, সরকারি সম্পত্তিকে বিমার আওতায় আনা গেলে এ খাত থেকে সরকারের আয় যেমন বাড়বে, তেমনি সরকারি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিও লাঘব হবে।
মো. রেজাউল করিম
উপদেষ্টা
প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড