ফজলুল হক
ফজলুল হক

অভিমত

সবার আগে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

দেশের নতুন এই পরিস্থিতিতে সবার আগে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যা যা করণীয়, সব পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত আহ্বায়কদের সম্পৃক্ত করতে হবে। দেশের সব নাগরিকের পাশাপাশি বিদেশি কূটনৈতিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা দ্রুত সময়ে নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হওয়া উচিত বলে আমি মনে করি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বিদেশে দেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বিদেশি ক্রেতারাও অনিশ্চয়তার মধ্যে আছেন। ফলে আমাদের দ্রুত সময়ের মধ্যে ভাবমূর্তির সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ নিতে হবে। তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করে দ্রুত সময়ের মধ্যে কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা চালু করে ক্রেতাদের ইতিবাচক বার্তা দিতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে।

গত তিন সপ্তাহে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সব ধরনের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। সামনেই শ্রমিকদের বেতন-ভাতা দিতে হবে। ফলে পরিস্থিতি শান্ত রাখতে নতুন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যদিও দীর্ঘদিন ধরে লুটপাটের কারণে অর্থনীতিতে দুর্বলতা তৈরি হয়েছে। ফলে সরকারের পক্ষে কতটা সহযোগিতা করা সম্ভব হবে, তা নিয়েও শঙ্কা আছে। সবাই মিলে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তা আলোচনার মাধ্যমে ঠিক করার উদ্যোগ নিতে হবে।

গত এক দশকে ব্যবসার প্রতিটি ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ায় আমরা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি। ১০ টাকার কাজ করতে এখন ২০ টাকা লাগছে। ঘাটে ঘাটে পয়সা দিতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবসার খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। পয়সা না দিয়ে ফাইল নড়ে না—এমন চিত্র আমরা আর দেখতে চাই না।

অনেক দিন ধরেই আমলাতন্ত্র আমাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে। তারা ধরাকে সরা জ্ঞান করছে। তাদের কাজের জবাবদিহি নেই। ফলে আমলাতন্ত্রের এই মনমানসিকতার অবসান ঘটাতে হবে। সে জন্য আমলাদের ওপর সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

যেসব ব্যবসায়ী লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বাইরে অন্যরা যাতে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, তা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে লুটপাটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদেশে পাচার করা অর্থ কতটা ফিরিয়ে আনা যাবে, তা বুঝতে পারছি না। তবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা থাকা দরকার। ভবিষ্যতে অর্থ পাচার বন্ধ করতে ঘুষ-বাণিজ্য জাদুঘরে পাঠানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে অর্থ পাচার কমে আসবে। এ ছাড়া ব্যাংক খাতের অবস্থা শোচনীয়। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের শাস্তির মুখোমুখি করতে হবে।

ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ