
ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে পণ্য পরিবহনে। খরচ কত বাড়বে, তা খুব সহজেই হিসাব করা যায়। ধরুন, ছয় চাকার গাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা–যাওয়া মিলে ১৪০ লিটার ডিজেল খরচ হয়। গাজীপুর পর্যন্ত আসা–যাওয়ায় ১৬০ লিটার ডিজেল খরচ হয়। তাহলে লিটারপ্রতি ডিজেলে ৩৪ টাকা দাম বাড়ায় প্রতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসা–যাওয়া মিলে বাড়তি খরচ হবে ৪ হাজার ৭৬০ টাকা। গাজীপুর পর্যন্ত আসা–যাওয়ায় এই খরচ দাঁড়াবে ৫ হাজার ৪৪০ টাকা। প্রাইম মুভার ট্রেলারের মতো বড় গাড়ি হলে এই খরচ আরও অনেক বেশি হবে। গাড়িভেদে খরচ কমবেশি হয়।
পণ্য পরিবহনের জন্য আমরা আমদানি–রপ্তানিকারকদের সঙ্গে বছরভিত্তিক চুক্তি করে থাকি। সেই ক্ষেত্রে বছরের মাঝপথে জ্বালানি খরচ বৃদ্ধি আমাদের দুশ্চিন্তায় ফেলেছে। এখন চুক্তি অনুযায়ী আগের দরে পণ্য পরিবহন করলে আমাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। এ জন্য আমরা চুক্তি পর্যালোচনা করার চেষ্টা করছি।
এটা ঠিক, জ্বালানি তেলের দাম বাড়লে পণ্য পরিবহনের অন্যান্য খরচও বাড়বে। কারণ, জ্বালানি পণ্যের দামের সঙ্গে সব পণ্যের দাম ওঠানামা করে। সে ক্ষেত্রে পরিবহন খাতে গাড়িচালক ও শ্রমিকদের পেছনেও খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
খসরুল আলম, কর্ণধার, এএফটি ও স্পিডওয়ে লজিস্টিকস