২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।

টেকসই অর্থায়নের প্রতি এনআরবি ব্যাংকের বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আমরা এরই মধ্যে বুঝতে শুরু করেছি। তাই ব্যাংক হিসেবে আমাদের বার্ষিক পরিকল্পনায় টেকসই অর্থায়ন প্রধান ভূমিকা পালন করে। টেকসই অর্থায়ন, ব্যাংকের সামগ্রিক সক্ষমতা, পরিবেশবান্ধব পুনঃ অর্থায়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। টেকসই অর্থায়নের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি প্রদান করেছে। এতে টেকসই অর্থায়ন এবং পরিবেশবান্ধব অর্থায়ন সামনে আরও বাড়বে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের এ কাজে আরও বেশি সম্পৃক্ত করলে তার মাধ্যমে অর্থায়নের নতুন দ্বার উন্মোচিত হবে।