
ইন্ট্রো–কয়েক বছর ধরেই অর্থনীতি চাপে রয়েছে। ডলার-সংকট ও ডলারের মূল্যবৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর হয়ে পড়ে ব্যাংক খাত। এমন এক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার বদল হয়েছে। তাতে বিভিন্ন শিল্পকারখানায় হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আবার নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস না পেরোতেই সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর কবির।
দেশের শিল্প খাত সাড়ে তিন বছর ধরে ভালো যাচ্ছে না। সমস্যার শুরু হয় ২০২০ সালে করোনা মহামারির সময়। এরপর ২০২২ সাল থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং গত দুই বছরে অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা শিল্প খাতের সংকটের পেছনে প্রধান কারণ। এ ছাড়া সরকারের বেশ কিছু নীতি-সিদ্ধান্ত ও অর্থনৈতিক বাস্তবতা সংকটকে প্রকট করেছে।
২০২২ সালে গ্যাসের দাম ইউনিটপ্রতি একলাফে তিন গুণ বাড়ানো হয়। যদিও গ্যাসের এত মূল্যবৃদ্ধির পরও শিল্পে গ্যাস–সংকট কাটেনি। পাশাপাশি জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং বিদ্যুতের দামও দফায় দফায় বাড়ানো হয়েছে। অন্যদিকে টাকার বিপরীতে ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। ডলার–সংকটের কারণে কাঁচামাল আমদানিও ব্যাহত হয়। সরকারের শুল্ক ও কর কাঠামোও শিল্পবান্ধব ছিল না।
এত সব সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তাহীনতার বিষয়টি। শিল্পের নিরাপত্তা, নীতি–সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। এককথায় বলতে গেলে বর্তমান পরিস্থিতি কোনোভাবেই শিল্প বা ব্যবসাবান্ধব নয়। শিল্পকারখানায় ব্যাপক নিরাপত্তা–সংকট দেখা দিয়েছে। অনেক কিছু ঘটছে, যার ত্বরিত কোনো প্রতিকার হচ্ছে না। এ কারণে আমরা একধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছি। বুঝে উঠতে পারছি না, কেন সরকার শিল্পের নিরাপত্তায় ত্বরিত ও কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। সরকারের উচিত, এখন আইনশৃঙ্খলা ও অর্থনীতির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, বৈদেশিক ঋণনির্ভরতা একটি অসুখে পরিণত হয়েছে। ঋণ পাওয়ার জন্য যত মনোযোগ দেখা যায়, দেশীয় উৎপাদন বৃদ্ধিতে ততটা মনোযোগ দেওয়া হলে নিজস্ব উৎস থেকে অর্থের জোগান বাড়ানো সম্ভব। বৈদেশিক ঋণের জন্য যে ধরনের শর্ত থাকে, তা অনেকাংশেই শিল্পবান্ধব নয়। ঋণসহায়তার প্রয়োজন যে নেই, তা বলতে চাই না। উন্নয়নশীল ও উন্নয়নমুখী দেশের জন্য বৈদেশিক ঋণের প্রয়োজনীয়তা আছে। তবে অধিক ঋণনির্ভরতা অর্থনীতিকে ধীরে ধীরে পঙ্গু করে দেয়। বৈদেশিক ঋণদাতা সংস্থাগুলো আমাদের ঋণ দিতে বেশ আগ্রহী; কারণ, আমাদের ঋণ পরিশোধের রেকর্ড যথেষ্ট ভালো।
দুই বছর আগে প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমাদের দেশের ৫২ শতাংশ মানুষ তরুণ। অর্থাৎ মোট জনগোষ্ঠীর মধ্যে যাদের বয়স ৩৫ বছর পর্যন্ত, তারাই সবচেয়ে বেশি কর্মক্ষম। এমন হার পৃথিবীতে বিরল এবং এটি দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি ভালো সম্ভাবনা। গত ৩০ বছরে দেশের গ্রামীণ অর্থনীতি একটি ভালো জায়গায় পৌঁছেছে। মানবসম্পদনির্ভর অনেক শিল্প অবকাঠামো গড়ে উঠেছে, যা সত্যিই ঈর্ষণীয়। বৈদেশিক ঋণদাতারা এমন বিষয়কে বেশি গুরুত্ব দেন। সুতরাং দেশীয় শিল্প ও মানবসম্পদকে গুরুত্ব দিয়ে যা করণীয়, তা–ই করা উচিত।
বর্তমান অন্তর্বর্তী সরকার এ মুহূর্তে দেশের জনগণের সর্বোচ্চ সমর্থন পাচ্ছে। যেহেতু ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে; তাই রাজনৈতিক সরকারের তুলনায় এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এটি সরকারকে গভীরভাবে অনুধাবন করতে হবে। উদ্যোক্তারা যে দলেরই হোক, তাঁরাও দেশের সম্পদ, রাষ্ট্রের রাজস্ব আয়ে তাঁদের অবদান অনস্বীকার্য। ফলে যত তাড়াতাড়ি সম্ভব দেশের উদ্যোক্তাদের ব্যবসায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ ও নিরাপত্তা দিতে হবে। প্রতিটি শিল্পের সঙ্গে হাজারো পরিবারের নির্ভরতা রয়েছে। সরকার বা রাষ্ট্র চাইলে সবই সম্ভব। ভালো কিছু করতে হলে টেকসই সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সরকারের ওপর আস্থার ঘাটতি দেখা দিতে পারে।
লেখক–আলমগীর কবির, সভাপতি, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)