সাক্ষাৎকার

কঠিন সময় পার করছে সিরামিক শিল্প

সিরামিক খাতের বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আকিজ বশির গ্রুপের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ খোরশেদ আলম। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন।

মোহাম্মদ খোরশেদ আলম পরিচালক (অপারেশনস), আকিজ বশির গ্রুপ
মোহাম্মদ খোরশেদ আলম
পরিচালক (অপারেশনস), আকিজ বশির গ্রুপ
প্রশ্ন

বর্তমানে সিরামিকশিল্পে সবচেয়ে বড় সমস্যা কী? এ সমস্যা কীভাবে মোকাবিলা করছেন আপনারা?

মোহাম্মদ খোরশেদ আলম: বর্তমানে সিরামিকশিল্প এক কঠিন সময় পার করছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির সমস্যা ও অর্থনৈতিক মন্থর গতির কারণে চাহিদায়ও ধীরগতি দেখা দিয়েছে। পাশাপাশি ডলারের সমস্যাও প্রকট হয়ে উঠেছে। সব মিলিয়ে খাতটি যে সমস্যায় পড়েছে, তা আগে কখনো এ ধরনের পরিস্থিতি বা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। বর্তমানে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি। ফলে দাম নিয়ে একধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিগুলোর মুনাফা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে, কিছু কিছু কোম্পানির জন্য টিকে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রশ্ন

ডলার-সংকটের কারণে আপনাদের কাঁচামাল আমদানিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি? ডলারের দামের কারণে উৎপাদন খরচ কতটা বেড়েছে?

মোহাম্মদ খোরশেদ আলম: আপনারা নিশ্চয় অবগত আছেন, সিরামিকশিল্পের ৯০ শতাংশ কাঁচামালই বিদেশ থেকে আমদানি করতে হয়। বেশির ভাগ কাঁচামাল আমদানি করা হয় স্পেন, ইতালি, চীন, ভারত ও থাইল্যান্ড থেকে। যেসব কোম্পানি রপ্তানির মাধ্যমে ডলার আয় করে, তারা বর্তমান পরিস্থিতিতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে। কিন্তু যাদের রপ্তানি আয় নেই, তারা বেশি সমস্যায় রয়েছে। ফলে এসব কোম্পানির উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

  • উৎপাদন খরচ বেড়েছে ৩৫%,

  • দাম বেড়েছে ৭ থেকে ৮%

প্রশ্ন

দীর্ঘদিন ধরেই আমরা দেখছি, গ্যাস-সংকট সিরামিক খাতের জন্য বড় সংকট হয়ে আছে। এ সংকট মোকাবিলা করে কীভাবে আপনারা বাজার ধরে রাখছেন?

মোহাম্মদ খোরশেদ আলম: সিরামিকশিল্পের জন্য গ্যাস হচ্ছে অক্সিজেনের মতো। কিন্তু দীর্ঘদিন ধরে এ শিল্প খাত গ্যাসের সমস্যায় ভুগছে। এ শিল্পের টিকে থাকার পূর্বশর্তই হচ্ছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। যদি গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকে, তাহলে উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পণ্যের মানেরও অবনতি ঘটে। তাই প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না পেলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হওয়া পণ্যের পরিমাণও বেড়ে যায়। এতে মুনাফায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে গ্যাসের স্বল্পতা এ শিল্পের অগ্রযাত্রার পথে অন্যতম বাধা। গত ফেব্রুয়ারিতে গ্যাসের দাম উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হলেও সরবরাহ পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।  বাড়তি দাম দিয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না কোম্পানিগুলো। যদি এ অবস্থা অব্যাহত থাকে, তবে বেশ কিছু কোম্পানি বন্ধ হয়ে গেলেও অবাক হব না।  

প্রশ্ন

আমরা জেনেছি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আপনারা পণ্যের দাম বাড়িয়েছেন। তাতে কি চাহিদা কমেছে? সার্বিকভাবে এ খাতের বাজারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি?

মোহাম্মদ খোরশেদ আলম: গত ফেব্রুয়ারিতে কিছু কোম্পানি সিরামিক পণ্যের দাম বাড়িয়েছে, কিন্তু তা উৎপাদন খরচের তুলনায় খুবই কম। এরই মধ্যে আমাদের উৎপাদন খরচ ৩৫ শতাংশের মতো বেড়েছে, কিন্তু তার বিপরীতে দাম বেড়েছে মাত্র ৭ থেকে ৮ শতাংশ। বর্তমানে সিরামিকের বাজারে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। সরকারি প্রকল্পের গতি কমে গেছে, আবাসন খাত মন্থর। এ অবস্থায় চাহিদা কমেছে, কিন্তু তার বিপরীতে উৎপাদন সক্ষমতা বেড়ে চলেছে। ফলে সামগ্রিকভাবে বাজার নেতিবাচক ধারায় রয়েছে। নতুন নতুন উদ্ভাবন ও পণ্যের মানোন্নয়নই আকিজ বশির গ্রুপের অন্যতম দক্ষতা। তারই অংশ হিসেবে আমরা ক্রেতাদের জন্য নিত্যনতুন পণ্য তৈরি করি। এ জন্য আমরা সব সময় সর্বাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করে থাকি। এতে আমাদের উৎপাদন সক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি খরচও কমে আসে। এটাই আকিজ বশির গ্রুপের টিকে থাকার মূলমন্ত্র, কাজটি আমরা ধারাবাহিকভাবে করে যাব।

প্রশ্ন

আপনি বলছেন, নতুন নতুন পণ্য তৈরিতে আপনারা নিয়মিতই বিনিয়োগ করছেন। রপ্তানিও করছেন। সিরামিক পণ্যের রপ্তানি বাজারটি এখন কেমন?

মোহাম্মদ খোরশেদ আলম: আমরা দেখছি, সিরামিকের রপ্তানি বাজারটি অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষ করে টেবিল ও স্যানিটারি ওয়্যারের বিপুল রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ দুই ধরনের পণ্য রপ্তানিতে আমরা নতুন বাজার সন্ধান করে চলেছি। তবে টাইলসের ক্ষেত্রে রপ্তানি সম্ভাবনা কম। যদি আমরা ভবিষ্যতে স্ল্যাব তৈরি করতে পারি, তাহলে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব বলে আমাদের বিশ্বাস।

প্রশ্ন

বর্তমানে সিরামিক পণ্যের বাজারে আপনাদের বাজার হিস্যা কেমন? এ বাজারের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছেন?

মোহাম্মদ খোরশেদ আলম: সাম্প্রতিক সময়ে নতুন নতুন বেশ কিছু কোম্পানি এ বাজারে যুক্ত হয়েছে। বাজার ধরতে তারা শুরুতেই কম দামে পণ্য বিক্রির কৌশল বেছে নিয়েছে। তাতে বাজারের গতিপ্রকৃতি অনেকখানি বদলে গেছে। শীর্ষ ব্র্যান্ড হিসেবে কয়েক বছর ধরে সিরামিক খাতের তিন ধরনের পণ্যে (টাইলস, তৈজসপত্র ও স্যানিটারি ওয়্যার) আমরা বাজার অংশীদারিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করছি।